আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে সরকারকে সক্রিয় হতে হবে : নজরুল ইসলাম খান
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ১০ জানুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ
অনলাইন ডেস্ক :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, দৈনন্দিন আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষার দায়িত্ব সরকারের। এ ব্যাপারে সরকারকে অত্যন্ত সক্রিয় ও কৌশলী হতে হবে।
৯ জানুয়ারি শুক্রবার রাজধানীর শেরে বাংলা নগরে বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ওপর চিত্র প্রদর্শনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এসব কথা বলেছেন।
ঢাকায় অবস্থানরত বিভিন্ন গণমাধ্যম এবং সাংস্কৃতিক অঙ্গনে কর্মরত বগুড়াবাসীদের নিয়ে গঠিত ‘বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি (বিএমসিএস)’ এই অনুষ্ঠানের আয়োজন করে। এর আগে তারা প্রয়াত বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেন।
নজরুল ইসলাম খান বলেন, নির্বাচন সুষ্ঠ হওয়ার জন্য আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল ও উন্নত হওয়া গুরুত্বপূর্ণ ব্যাপার। এতে কোনো সন্দেহ নাই। আমরা অনেক আগে থেকেই সরকারকে বলেছি যে তারা যেন এ ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ নেয়। এজন্য আমাদের সহযোগিতা প্রয়োজন হলে আমরা সেটা করতে রাজি আছি এবং সেটা করছি।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, আমরা এমন কিছু করছি না যাতে নির্বাচনের আগে অন্যরকম পরিস্থিতির সৃষ্টি হয়। মনে রাখতে হবে, যারা নির্বাচনটা এই সময় হোক তা চায় না, দেশের গণতন্ত্র উত্তরণ ঘটুক এটা চায় না, কিংবা যারা স্থিতিশীলতার বিপক্ষে, তারা তো সবাই চেষ্টা করবেই। তারা নানান রকমের ঘটনা ঘটিয়ে একটা অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করতে চাইবে। কিন্তু সরকার প্রয়োজনীয় উদ্যোগ নেবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে বলে মনে করি।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বিএমসিএসের সভাপতি মারুফা রহমান, সাধারণ সম্পাদক সুজন মাহমুদসহ সংগঠনের অন্য সদস্যরা।
আপনার মতামত লিখুন :