ওসমানীনগরে কৃষকদের আধুনিক প্রযুক্তি ব্যবহারে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ০১ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
শরীফ আহমদ চৌধুরী, ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি :
সিলেটের ওসমানীনগর উপজেলা কৃষি অফিসের উদ্যোগে কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি, নিরাপদ খাদ্য উৎপাদন এবং উৎপাদনশীলতা বৃদ্ধির লক্ষ্যে এক কৃষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ কর্মশালায় উপজেলার বিভিন্ন এলাকার কৃষক-কৃষাণী, কৃষি বিভাগের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন উপসহকারী কৃষি কর্মকর্তা মো. আবাব মিয়া এবং গীতা পাঠ করেন উপসহকারী কৃষি কর্মকর্তা পল্লব ভট্টাচার্য। পরে উপস্থিত অতিথিদের স্বাগত জানান উপজেলা কৃষি কর্মকর্তা উম্মে তামিমা।
কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সিলেটের উপপরিচালক বলেন, আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষি চর্চা, নিরাপদ খাদ্য উৎপাদন এবং সরকারের কৃষিবান্ধব উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে দেশের কৃষিকে আরও টেকসই ও লাভজনক করা সম্ভব। তিনি কৃষকদের সময়োপযোগী প্রযুক্তি গ্রহণে আরও আগ্রহী হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপসহকারী কৃষি কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম, ওসমানীনগর উপজেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি শেখ ফয়ছল আহমদ, ওসমানীনগর প্রেসক্লাবের সভাপতি শরীফ আহমদ চৌধুরী, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ইমাদ উদ্দিন লিলু এবং কৃষকদের পক্ষে বজলুর রশিদ।
এ সময় উপস্থিত ছিলেন তাজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস শহিদ, সাংবাদিক ফজলু মিয়া, উপজেলা কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন গণমাধ্যমকর্মী এবং উপজেলার বিভিন্ন এলাকার কৃষক-কৃষাণীরা।
বক্তারা বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধি, আধুনিক প্রযুক্তির সম্প্রসারণ, নিরাপদ খাদ্য উৎপাদন এবং কৃষকদের দক্ষতা উন্নয়নে এ ধরনের প্রশিক্ষণ কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কর্মশালায় অংশগ্রহণকারী কৃষকেরাও মাঠপর্যায়ের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও করণীয় বিষয়ে নিজেদের মতামত তুলে ধরেন এবং কৃষির উন্নয়নে নিয়মিত এমন প্রশিক্ষণের আয়োজনের দাবি জানান।
আপনার মতামত লিখুন :