ডাক্তার দেখাতে যাওয়ার পথে পিকআপের ধাক্কায় মা ও শিশুপুত্র নিহত, স্বামী আহত


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ০৭ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

দিনাজপুর প্রতিনিধি :

ডাক্তার দেখাতে যাওয়ার পথে দিনাজপুরের বীরগঞ্জে ঢাকা–পঞ্চগড় মহাসড়কে পিকআপের ধাক্কায় এক নারী ও তার তিন বছরের শিশুপুত্র নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল চালক স্বামী গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (৭ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার ৮ নম্বর ভোগনগর ইউনিয়নের ভাবকী পাঁচপীর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন দিনাজপুরের কাহারোল উপজেলার ৫ নম্বর সুন্দরপুর ইউনিয়নের মালগ্রাম এলাকার মো. নাজমুল ইসলামের স্ত্রী ফাহিমা আক্তার (২৮) ও তাদের ছেলে মো. আব্দুল্লাহ (৩)। আহত নাজমুল ইসলাম (৩২) বর্তমানে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ জানায়, ভোরে নাজমুল ইসলাম স্ত্রী ও শিশুপুত্রকে মোটরসাইকেলে করে ঠাকুরগাঁও জেলার উত্তর গড়েয়া এলাকায় এক হোমিওপ্যাথিক চিকিৎসকের কাছে নিয়ে যাচ্ছিলেন। পথে পেছন দিক থেকে ঠাকুরগাঁওগামী একটি মাছবোঝাই পিকআপ মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তিনজনই সড়কে ছিটকে পড়েন। পিকআপটি ঘটনাস্থলেই মা ও শিশুর শরীরের ওপর দিয়ে চলে যায় এবং দ্রুত পালিয়ে যায়।

দশমাইল হাইওয়ে থানার এসআই জিল্লুর রহমান জানান, ভোর হওয়ায় ঘটনাস্থলে লোকজন কম ছিল। খবর পেয়ে পুলিশ গিয়ে যান চলাচল স্বাভাবিক করে।

বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. আবু বক্কর সিদ্দীক জানান, মা ও শিশুকে হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়। আহত নাজমুল ইসলামের চিকিৎসা চলছে।

বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে মরদেহ হাইওয়ে থানার কাছে হস্তান্তর করা হয়েছে।

হাইওয়ে থানার ওসি নির্মূল চন্দ্র মোহন্ত দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং সড়ক পরিবহন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ