সড়ক দুর্ঘটনায় না ফেরার দেশে ‘গডজিলা’ অভিনেত্রী কেলি হটল
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ২২ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
বিনোদন ডেস্ক :
‘গডজিলা’ চলচ্চিত্র সিরিজে অভিনয়ের মাধ্যমে দর্শকদের হৃদয় জয় করা কোরিয়ান-আমেরিকান অভিনেত্রী কেলি হটল সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ১৮ বছর।
মঙ্গলবার ভোরে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের ফ্রেডেরিক কাউন্টিতে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
ফ্রেডেরিক কাউন্টি শেরিফের কার্যালয়ের তথ্যমতে, ভোর প্রায় ৩টার দিকে একটি হোন্ডা অ্যাকর্ড নিয়ন্ত্রণ হারিয়ে দুই লেনের সড়ক থেকে ছিটকে একটি কালভার্টে আছড়ে পড়ে। গাড়িটিতে থাকা দুই যাত্রীর একজন ছিলেন কেলি হটল।
দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত একটি ট্রমা সেন্টারে নেওয়া হলেও চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। গাড়িচালক আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে তার আঘাত প্রাণঘাতী নয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
প্রাথমিক তদন্তে অতিরিক্ত গতিকে দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে ধারণা করা হচ্ছে। ঘটনার বিস্তারিত কারণ জানতে তদন্ত চলছে।
কেলি হটল ২০২১ সালে মুক্তিপ্রাপ্ত ‘গডজিলা ভার্সেস কং’ চলচ্চিত্রে ‘জিয়া’ চরিত্রে অভিনয়ের মাধ্যমে আন্তর্জাতিক পরিচিতি পান। শ্রবণপ্রতিবন্ধী এতিম শিশু জিয়ার চরিত্রে তার অভিনয় দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়ায়। ছবিতে তিনি সাংকেতিক ভাষার মাধ্যমে কিং কংয়ের সঙ্গে যোগাযোগ স্থাপনকারী এক ব্যতিক্রমী চরিত্রে অভিনয় করেছিলেন।
পরে ‘গডজিলা এক্স কং: দ্য নিউ এম্পায়ার’ চলচ্চিত্রেও একই চরিত্রে অভিনয় করেন তিনি। এই ছবিতে অভিনয়ের স্বীকৃতিস্বরূপ ২০২৪ সালের স্যাটার্ন অ্যাওয়ার্ডস-এ তরুণ অভিনয়শিল্পীর সেরা পারফরম্যান্স বিভাগে মনোনয়ন পেয়েছিলেন।
জর্জিয়ার আটলান্টায় জন্ম নেওয়া কেলি হটলের বাবা ছিলেন মার্কিন নাগরিক এবং মা কোরিয়ান। তিনি জন্মগতভাবে শ্রবণপ্রতিবন্ধী ছিলেন। মৃত্যুর আগে তিনি টেক্সাস স্কুল ফর দ্য ডেফের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
মাত্র ১৮ বছর বয়সে এই সম্ভাবনাময় অভিনেত্রীর অকাল মৃত্যুতে চলচ্চিত্র অঙ্গন ও ভক্তদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
আপনার মতামত লিখুন :