ঢাকাকেন্দ্রিক আইসিইউ সুবিধা দেশের স্বাস্থ্যব্যবস্থার বড় বৈষম্য : ডা. জুবাইদা রহমান
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ০১ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
নিউজ বাংলা ডেস্ক :
ঢাকা শহরেই দেশের নিবিড় পরিচর্যাকেন্দ্র বা আইসিইউ সুবিধার ৮০ থেকে ৯০ শতাংশ কেন্দ্রীভূত, অথচ দেশের মোট জনসংখ্যার তুলনায় রাজধানীতে বসবাসকারী মানুষের সংখ্যা তুলনামূলকভাবে কম- এ বাস্তবতা দেশের স্বাস্থ্যব্যবস্থায় বড় ধরনের বৈষম্যের চিত্র তুলে ধরছে বলে মন্তব্য করেছেন ডা. জুবাইদা রহমান।
বুধবার (১ জুলাই) রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ সোসাইটি অব ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন আয়োজিত জাতীয় কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বর্তমানে জিয়াউর রহমান ফাউন্ডেশন–এর ভাইস প্রেসিডেন্ট।
ডা. জুবাইদা রহমান বলেন, দেশে প্রতি এক লাখ মানুষের বিপরীতে ক্রিটিক্যাল কেয়ার বেড রয়েছে মাত্র ১ দশমিক ৭টি এবং সাধারণ হাসপাতাল শয্যা রয়েছে মাত্র ৯টি। আরও উদ্বেগজনক তথ্য তুলে ধরে তিনি জানান, দেশের ৬৪ জেলার মধ্যে ৩৮টি জেলায় কোনো ধরনের আইসিইউ সুবিধাই নেই।
তিনি বলেন, গুরুতর অসুস্থ রোগীর ক্ষেত্রে সময়মতো উন্নত চিকিৎসা পাওয়া জীবন-মৃত্যুর প্রশ্ন হয়ে দাঁড়ায়। নবজাতক শিশু, অন্তঃসত্ত্বা মা, নিউমোনিয়া বা স্ট্রোকে আক্রান্ত বয়স্ক মানুষ কিংবা সড়ক দুর্ঘটনায় আহত তরুণ- আইসিইউ সুবিধার অভাবে তাদের অনেককেই অকালেই প্রাণ হারাতে হচ্ছে।
তবে পরিস্থিতি বদলানো সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করে ডা. জুবাইদা রহমান বলেন, সম্মিলিত উদ্যোগ ও সঠিক পরিকল্পনার মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত ক্রিটিক্যাল কেয়ার সেবা সম্প্রসারণ করা গেলে চিকিৎসাসেবার অভাবে আর কোনো মানুষের প্রাণ ঝরবে না।
তিনি স্বাস্থ্যখাতে নীতিনির্ধারক, চিকিৎসক সমাজ ও সংশ্লিষ্ট সকলকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান, যাতে একটি সমন্বিত ও ন্যায্য ক্রিটিক্যাল কেয়ার ব্যবস্থা গড়ে তোলা যায়।
আপনার মতামত লিখুন :