পাবনায় শহীদ বুলবুল কলেজ অ্যালামনাইয়ের প্রথম পুনর্মিলনী, দিনভর উৎসব
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ২০ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
মো: শাখাওয়াৎ হোসেন, পাবনা জেলা প্রতিনিধি :
পাবনার ঐতিহ্যবাহী শহীদ বুলবুল সরকারি কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠান ২০২৬ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এই আয়োজনে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা একত্রিত হয়ে স্মৃতিচারণ, শুভেচ্ছা বিনিময় ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশ নেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রমের সূচনা করা হয়। এরপর আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে সহস্রাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি কলেজ ক্যাম্পাস থেকে বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে আবার ক্যাম্পাসে এসে শেষ হয়।
উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস। এ সময় সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য আরিফা সুলতানাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, বিকেলে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সড়ক ও জনপথ মন্ত্রী শেখ রবিউল আলম রবি। দিনব্যাপী কর্মসূচির শেষে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে পুনর্মিলনী অনুষ্ঠান আনুষ্ঠানিকভাবে সমাপ্ত হবে।
আপনার মতামত লিখুন :