গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদে এলাকাবাসীর বিক্ষোভ, ড্রেজার বন্ধের দাবি
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ০৩ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
মো: মুজিবুল হক রাহাত :
সিলেটের গোয়াইনঘাট উপজেলার সদর ইউনিয়নের উত্তর লাবু, লাটি ও কালিজুরী এলাকায় অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের প্রতিবাদে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ জুলাই) আহারকান্দি বাজার খেয়াঘাটে স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
গোয়াইনঘাট সদর ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মানিক মিয়ার সঞ্চালনায় এবং অভিবিভক্ত পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ও ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি জালাল উদ্দীন বাবুলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক মদরিছ আলী।
সভায় বক্তারা অভিযোগ করেন, ইজারা বহির্ভূত এলাকায় অবৈধভাবে ড্রেজার মেশিন ব্যবহার করে বালু উত্তোলনের ফলে নদীর তীরবর্তী বসতবাড়ি ও ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। এতে পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে এবং কৃষিজীবীরা তাদের আবাদি জমি হারিয়ে চরম ক্ষতির মুখে পড়ছেন। পাশাপাশি নদী ভাঙনের কারণে বহু পরিবার গৃহহীন হয়ে পড়ছে।
তারা আরও বলেন, ড্রেজার ব্যবহারের কারণে স্থানীয় বারকি শ্রমিক ও ছোট নৌকার মালিকরা কাজ হারিয়ে অর্থনৈতিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন। ইজারার শর্ত লঙ্ঘন করে এভাবে বালু উত্তোলন চলতে থাকলে পুরো এলাকা ধ্বংসের মুখে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেন বক্তারা।
সভায় অবিলম্বে অবৈধ বালু উত্তোলন বন্ধ, ইজারা শর্ত ভঙ্গের দায়ে সংশ্লিষ্ট ইজারা বাতিল এবং কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।
বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন পশ্চিম জাফলং ইউপির সাবেক সদস্য ও বিএনপি নেতা মুহিবুর রহমান বাবুল, সদর ইউপির ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি হুমায়ুন কবির, ইউপি সদস্য এম এ মুতলিব, শ্রমিকদল সভাপতি আবুল হুসেন, বিএনপি নেতা হুসেইন আহমদ, উপজেলা শ্রমিকদলের সিনিয়র সহ-সভাপতি মো. আমির হুসেনসহ স্থানীয় জনপ্রতিনিধি ও শ্রমিক নেতারা।
সভা শেষে এলাকাবাসী পরিবেশ ও জীবিকা রক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
আপনার মতামত লিখুন :