চীনা এআই প্রতিষ্ঠান ম্যানুস কেনার ২ বিলিয়ন ডলারের চুক্তি থেকে সরে যাচ্ছে মেটা
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ২৫ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
তথ্য প্রযুক্তি ডেস্ক :
চীনা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান ম্যানুস অধিগ্রহণের ২ বিলিয়ন ডলারের চুক্তি থেকে সরে আসছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান মেটা। এরই মধ্যে দুই প্রতিষ্ঠানের মধ্যে চলমান কার্যক্রম আলাদা করার প্রক্রিয়া শুরু করেছে মেটা। পাশাপাশি বন্ধ করে দেওয়া হয়েছে পারস্পরিক তথ্য আদান প্রদান।
প্রযুক্তি নিরাপত্তার কারণ দেখিয়ে প্রায় দুই মাস আগে চীনের কর্তৃপক্ষ ম্যানুস বিক্রির বিষয়ে নির্দেশনা দেয়। এর পরপরই মেটা তাদের নিজস্ব প্রযুক্তি ও ব্যবস্থায় ম্যানুসের প্রবেশাধিকার বন্ধ করে দেয়। বর্তমানে দুই প্রতিষ্ঠানের মধ্যে সম্পূর্ণ বিচ্ছিন্ন হওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।
খবর অনুযায়ী, ম্যানুস-এর সহপ্রতিষ্ঠাতারা প্রতিষ্ঠানটির নিয়ন্ত্রণ আবার নিজেদের হাতে নিতে নতুন করে প্রায় ১ বিলিয়ন ডলার বিনিয়োগ সংগ্রহের আলোচনা করছেন। এই বিনিয়োগ চীনা অংশীদারিত্বের মাধ্যমে নতুন কাঠামো গঠনের ইঙ্গিত দিচ্ছে। পাশাপাশি ভবিষ্যতে হংকং-এর শেয়ারবাজারে তালিকাভুক্তির পরিকল্পনাও থাকতে পারে।
বিশ্লেষকদের মতে, ম্যানুস বিক্রি আটকে দেওয়ার এই সিদ্ধান্ত চীনের কৌশলগত প্রযুক্তির ওপর নিয়ন্ত্রণ আরও কঠোর করার বার্তা দিচ্ছে। শুধু ম্যানুস নয়, দেশটির অন্যান্য কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রেও বিদেশি বিনিয়োগ গ্রহণে সরকারি অনুমোদনের বিষয়টি এখন বিশেষ গুরুত্ব পাচ্ছে।
এদিকে মেটার সঙ্গে সম্পর্ক ছিন্ন হলেও ম্যানুস তাদের কার্যক্রম চালু রেখেছে। বিভিন্ন অনলাইন সেবা ও ব্যবসায়িক প্ল্যাটফর্মের সঙ্গে সংযুক্ত হওয়ার কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। উল্লেখযোগ্যভাবে, ২০২৫ সালে ম্যানুসের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির একটি প্রদর্শনী আন্তর্জাতিক পর্যায়ে ব্যাপক আলোচনার সৃষ্টি করে। ওই ঘটনার পরই মেটা প্রতিষ্ঠানটি অধিগ্রহণের ঘোষণা দিয়েছিল।
তবে চীনা সংশ্লিষ্টতা নিয়ে যুক্তরাষ্ট্র ও চীন- উভয় দেশেই ম্যানুসকে ঘিরে প্রশ্ন উঠেছে। এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি মেটা বা ম্যানুস কর্তৃপক্ষ।
আপনার মতামত লিখুন :