সম্প্রীতি নষ্টের ষড়যন্ত্র ঠেকাতে সবাইকে সজাগ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ০৩ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

নিউজ বাংলা ডেস্ক :

সমাজে শৃঙ্খলা, ভ্রাতৃত্ববোধ ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে কেউ যেন দেশের সম্প্রীতির পরিবেশ নষ্ট করতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শুভ জন্মাষ্টমী উপলক্ষে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। বাণীতে বাংলাদেশসহ বিশ্বের সব হিন্দু ও সনাতন ধর্মাবলম্বী মানুষের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন তিনি।

বাণীর শুরুতে প্রধানমন্ত্রী বাংলাদেশসহ বিশ্বের সব হিন্দু ধর্মাবলম্বীকে শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা জানান।

তিনি বলেন, সনাতন ধর্মীয় শাস্ত্রমতে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে অবতার শ্রীকৃষ্ণের জন্ম। হিন্দু ধর্মমতে, মথুরায় অত্যাচারী কংসের শাসনামলে শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটে। পরবর্তীতে তাঁর হাতে কংসের অত্যাচারী শাসনের অবসান হয়। দুষ্টের দমন ও শিষ্টের পালন ছিল শ্রীকৃষ্ণের অন্যতম ব্রত।

প্রধানমন্ত্রী বলেন, শ্রীকৃষ্ণ তাঁর জীবন ও কর্মের মাধ্যমে সমাজে ন্যায়, সাম্য ও শান্তি প্রতিষ্ঠায় মানবপ্রেম এবং ন্যায়ের আদর্শ তুলে ধরেছেন। সৃষ্টিকর্তার প্রতি ভক্তি, মানবকল্যাণ ও শান্তির যে দর্শন তিনি প্রচার করেছেন, তা সনাতন ধর্মাবলম্বীসহ সব মানুষের জন্য আজও গভীরভাবে অনুপ্রেরণাদায়ী।

বিভিন্ন ধর্ম ও মতের মানুষের সহাবস্থান একটি রাষ্ট্র ও সমাজের স্বাভাবিক বৈশিষ্ট্য উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে যুগ যুগ ধরে মানুষ পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দ্য বজায় রেখে নিজ নিজ ধর্ম পালন করে আসছে। এই সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন অটুট রাখা দেশের সব নাগরিকের দায়িত্ব।

তিনি বলেন, ‘সমাজে শৃঙ্খলা, ভ্রাতৃত্ববোধ ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে আমাদের সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।’

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘কেউ যেন সম্প্রীতির এই পরিবেশ নষ্ট করতে না পারে, সেদিকে সবাইকে সজাগ থাকার আহ্বান জানাই।’

বাণীতে তিনি আশা প্রকাশ করেন, শ্রীকৃষ্ণের আদর্শ ও শিক্ষা দেশের মানুষের পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও দৃঢ় করবে।

সবশেষে প্রধানমন্ত্রী সবার সম্মিলিত প্রচেষ্টায় সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক শ্রদ্ধায় সমৃদ্ধ একটি জনকল্যাণমূলক বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ