সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ১০ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
অনলাইন ডেস্ক :
জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আগামী ১২ এপ্রিল পর্যন্ত আগ্রহী প্রার্থীরা ফরম সংগ্রহ করতে পারবেন। ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে ২ হাজার টাকা এবং জামানত রাখা হয়েছে ৫০ হাজার টাকা।
শুক্রবার (১০ এপ্রিল) সকালে এই কার্যক্রমের উদ্বোধন করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তিনি বলেন, রাজপথের আন্দোলনে ত্যাগ ও অবদান এবং সংসদে কার্যকর ভূমিকা রাখার সক্ষমতার ভিত্তিতে চূড়ান্ত প্রার্থী বাছাই করবে দলের মনোনয়ন বোর্ড।
তিনি আরও জানান, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার যে পরিবেশ তৈরি হয়েছে, তা ধরে রাখা বিএনপির অঙ্গীকার। যোগ্য প্রার্থীদের যথাযথ মূল্যায়নের আশ্বাস দিয়ে দলের সিদ্ধান্ত সবাইকে মেনে নেওয়ার আহ্বান জানান তিনি।
ফরম সংগ্রহের প্রথম দিনেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিপুল সংখ্যক নারী নেত্রী ও সমর্থক দলটির কার্যালয়ে ভিড় করেন।
এদিকে, বাংলাদেশ নির্বাচন কমিশন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফশিল ঘোষণা করেছে। রাজধানীর আগারগাঁও-এ অবস্থিত নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে এ তফশিল ঘোষণা করেন ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ। ঘোষিত তফশিল অনুযায়ী, আগামী ১২ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, জাতীয় সংসদের মোট ৩৫০ আসনের মধ্যে নারীদের জন্য সংরক্ষিত রয়েছে ৫০টি আসন। এর মধ্যে বিএনপির জন্য ৩৬টি, বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ তাদের জোটের জন্য ১৩টি এবং স্বতন্ত্র প্রার্থীদের জন্য ১টি আসন নির্ধারিত রয়েছে।
আপনার মতামত লিখুন :