সিলেটের ওসমানীনগরে প্রবাসীদের অর্থায়নে স্ট্রিট লাইট প্রকল্প উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ০১ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
ওসমানীনগর প্রতিনিধি :
সিলেটের ওসমানীনগর উপজেলার তাজপুর ইউনিয়নের ভারেরা, মাধবপুর ও সরদারপাড়া এলাকায় জননিরাপত্তা নিশ্চিত ও রাতের চলাচল সহজ করতে স্ট্রিট লাইট প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। গ্রেটার ভারেরা ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইউ.কে.-এর অর্থায়নে বাস্তবায়িত এই উদ্যোগকে এলাকাবাসী সাধুবাদ জানিয়েছেন।
বুধবার (১ জুলাই) বিকেল ৩টায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক উপজেলা চেয়ারম্যান মইনুল হক চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রকল্পটির উদ্বোধন করেন সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদী লুনা।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তাহসিনা রুশদী লুনা বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। রাষ্ট্রীয় উন্নয়নের পাশাপাশি নিজ নিজ এলাকার কল্যাণে প্রবাসীদের এমন জনকল্যাণমূলক উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। সরকারের উন্নয়ন কার্যক্রমের সঙ্গে প্রবাসীদের এই সহযোগিতা গ্রামীণ অবকাঠামো উন্নয়ন ও মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিশেষ অতিথির বক্তব্যে ওসমানীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিছবাহ বলেন, এই ধরনের উদ্যোগ স্থানীয় নিরাপত্তা ও সামাজিক উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে। তিনি ভবিষ্যতেও এ ধরনের উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, সমাজসেবক, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুলসংখ্যক এলাকাবাসী উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, প্রকল্পের আওতায় স্থাপিত স্ট্রিট লাইটগুলো এলাকায় অপরাধ ও দুর্ঘটনা কমাতে সহায়ক হবে এবং সাধারণ মানুষের নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করবে। পাশাপাশি শিক্ষা, অবকাঠামো ও জনকল্যাণমূলক আরও বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করেন সংগঠনের নেতৃবৃন্দ।
আপনার মতামত লিখুন :