প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট করায় এনসিপির সাবেক নেতা তানভীর আটক


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ০৫ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

নিউজ বাংলা ডেস্ক :

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে দায়ের করা সাইবার সুরক্ষা আইনের মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদ্য অব্যাহতিপ্রাপ্ত নেতা গাজী সালাউদ্দিন তানভীরকে ঢাকা থেকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

মঙ্গলবার (৪ আগস্ট) রাতে তাকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আলী।

তিনি জানান, আইনি প্রক্রিয়া শেষে গাজী সালাউদ্দিন তানভীরকে বগুড়ায় নেওয়া হচ্ছে। পরে এ বিষয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত তথ্য জানানো হবে।

এর আগে গত রোববার রাতে বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল বাদী হয়ে সাইবার সুরক্ষা আইনে মামলাটি দায়ের করেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, ফেসবুকে দেওয়া ওই পোস্টের মাধ্যমে প্রধানমন্ত্রীর মানহানি করা হয়েছে এবং জনমনে বিভ্রান্তি ও উত্তেজনা সৃষ্টির চেষ্টা করা হয়েছে। বিষয়টি বিএনপির একাধিক নেতাকর্মীর নজরে এলে দলীয় জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে আলোচনা করে মামলা দায়ের করা হয়।

জানা যায়, সিলেট বিভাগের কয়েকটি জেলায় এনসিপির পদযাত্রায় হামলা ও বাধার ঘটনায় ছাত্রদল ও যুবদলের নেতাদের দায়ী করে গত শুক্রবার ফেসবুকে একটি পোস্ট দেন গাজী সালাউদ্দিন তানভীর। ওই পোস্টে প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করা হয়েছে বলে অভিযোগ ওঠে। পরে বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনার মুখে তিনি পোস্টটি মুছে ফেললেও এর স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

পরবর্তীতে নিজের বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করে আরেকটি পোস্ট দেন তানভীর। একই দিন এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত এক নোটিশে তাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়।

এ ঘটনায় দায়ের করা মামলার তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। তদন্ত শেষে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ