এই ঈদে জনগণ রাষ্ট্রের সংবেদনশীলতা অনুভব করেছে : প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ০২ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
নিউজ বাংলা ডেস্ক :
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, দীর্ঘদিনের দুঃশাসনে ক্লান্ত জনগণ এবারের ঈদে উপলব্ধি করেছে যে রাষ্ট্র তাদের প্রতি সংবেদনশীল। প্রশাসন কেবল ক্ষমতার কেন্দ্র নয়; বরং দায়িত্বশীলতার একটি কার্যকর মাধ্যম হিসেবেই কাজ করছে।
সোমবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়–এর ‘করবী’ হলে প্রেস উইং আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
মাহদী আমিন বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণের পর এটিই ছিল প্রথম ঈদুল আজহা। প্রধানমন্ত্রীর নির্দেশনায় সরকারের সব সংশ্লিষ্ট মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা ও সংসদ সদস্যরা সর্বস্তরে আন্তরিকতা ও দায়বদ্ধতা নিয়ে কাজ করেছেন। তার ভাষায়, রাজনৈতিক ইতিহাসে এটি একটি ব্যতিক্রমী দৃষ্টান্ত। তিনি আরও বলেন, ফ্যাসিবাদী ১৬ বছরের প্রাতিষ্ঠানিক অবক্ষয় ও ধ্বংসস্তূপ মাত্র তিন মাসে পুরোপুরি দূর করা সম্ভব নয়।
তিনি জানান, এই অভিজ্ঞতাকে পাথেয় করে গণমানুষের নেতা তারেক রহমান–এর নেতৃত্বে আগামী দিনের সব চ্যালেঞ্জ মোকাবিলা করা হবে। একই সঙ্গে আইনের শাসন ও গণতান্ত্রিক মূল্যবোধ সুদৃঢ় করা এবং সুশাসনের ধারাকে টেকসই প্রাতিষ্ঠানিক রূপ দেওয়াই বর্তমান গণতান্ত্রিক সরকারের অন্যতম অঙ্গীকার। জনকল্যাণমুখী এই অগ্রযাত্রায় সরকারের সাফল্য অনিবার্য বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন, প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার এস এম মাহফুজুল রহমান এবং প্রেস উইংয়ের অন্যান্য সদস্যরা।
আপনার মতামত লিখুন :