জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে রোয়াংছড়িতে সচেতনতামূলক সভা
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ০৭ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
চিংনুমং মারমা, রোয়াংছড়ি (বান্দরবান) প্রতিনিধি :
বান্দরবানের রোয়াংছড়িতে জেন্ডারভিত্তিক ও লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধ, মোকাবেলা এবং কমিউনিটি পর্যায়ে পুলিশ সার্ভিস ডেস্কের সেবা সম্পর্কে জনসচেতনতা বাড়াতে এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ জুলাই, ২০২৬) রোয়াংছড়ি থানার উদ্যোগে এবং জাতিসংঘের জনসংখ্যা তহবিল (UNFPA)-এর সহযোগিতায় উপজেলা পরিষদের মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।
রোয়াংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ূন কবীরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাজমিন আলম তুলি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এখিং মারমা, জেলা বিএনপি কমিটির সদস্য মাওসেতুং তঞ্চঙ্গ্যা, ১নং রোয়াংছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহ্লাঅং মারমা, ৩নং আলেক্ষ্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা, স্থানীয় সমাজসেবক সাচিংথুই মারমা এবং রোয়াংছড়ি থানার উপপরিদর্শক শুভ্র মুকুল চৌধুরী ও হামিদুর রহমান।
সভায় বক্তারা বলেন, জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও মোকাবেলায় কমিউনিটি পর্যায়ে পুলিশ সার্ভিস ডেস্ক অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করছে। এই সেবা সমাজের সার্বিক নিরাপত্তা, মানবাধিকার সংরক্ষণ এবং ভুক্তভোগীদের ন্যায়বিচার নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। বর্তমানে শারীরিক, মানসিক, যৌন ও অর্থনৈতিক নির্যাতনের পাশাপাশি অনলাইন হয়রানির ঘটনাও বাড়ছে। এতে নারী, শিশু, কিশোরী, প্রতিবন্ধী এবং সমাজের ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে বক্তারা উল্লেখ করেন।
বক্তারা আরও বলেন, পুলিশ সার্ভিস ডেস্কের মাধ্যমে ভুক্তভোগীরা নিরাপদ ও গোপনীয় পরিবেশে অভিযোগ জানাতে পারবেন। প্রয়োজন অনুযায়ী সরকারি ও বেসরকারি বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করে আইনি সহায়তা ও মানসিক কাউন্সেলিংয়ের ব্যবস্থাও করা হবে।
একটি নিরাপদ ও সহিংসতামুক্ত সমাজ গড়তে পুলিশের পাশাপাশি স্কুল-কলেজ, ধর্মীয় প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং জনপ্রতিনিধিদের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন বলে মত দেন অতিথিরা। তারা বলেন, শিক্ষক, ধর্মীয় নেতা, যুবসমাজ, নারী সংগঠন এবং প্রতিটি পরিবার সচেতন হলে এবং ভুক্তভোগীদের পাশে দাঁড়ালে সমাজে সহিংসতা অনেকাংশে কমে আসবে।
সভায় স্থানীয় জনপ্রতিনিধি, কমিউনিটি নেতৃবৃন্দ, শিক্ষক, অভিভাবক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
আপনার মতামত লিখুন :