প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার নিশ্চিতে কার্যকর উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ১৪ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
বাসস :
প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি তাদের জন্য প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের কার্যকর উদ্যোগ গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে প্রতিবন্ধীবান্ধব অবকাঠামো, শিক্ষা ও চিকিৎসাসহ সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিতের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
বুধবার (১৩ মে) বিকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় তিনি এসব নির্দেশনা দেন। প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সুরক্ষা ও সেবা নিশ্চিতে করণীয় নির্ধারণে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রী বলেন, সমাজের প্রতিটি স্তরে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের মর্যাদা ও সক্ষমতাকে যথাযথভাবে মূল্যায়ন করতে হবে। এমন বাস্তবভিত্তিক পদক্ষেপ নিতে হবে, যাতে তারা সমাজ ও রাষ্ট্রের সব কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নিতে পারেন।
সভায় উপস্থিত বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীরা প্রতিবন্ধী ব্যক্তিদের সমস্যা, সীমাবদ্ধতা ও সুযোগ-সুবিধার ঘাটতির বিষয় তুলে ধরেন। এ সময় প্রধানমন্ত্রী একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন।
তিনি বলেন, ভবন নির্মাণ নীতিমালায় হাসপাতাল, রেস্টুরেন্টসহ সরকারি ও বেসরকারি সব স্থাপনায় প্রতিবন্ধীবান্ধব অবকাঠামো ও টয়লেট সুবিধা নিশ্চিত করতে হবে। পাশাপাশি হুইলচেয়ার ব্যবহারকারীদের সহজ প্রবেশের জন্য দরজা ও চলাচলের উপযোগী নকশা রাখতে হবে।
নারীদের জন্য পরিকল্পনায় থাকা ইলেকট্রিক বাসেও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য প্রয়োজনীয় সুবিধা রাখার নির্দেশ দেন তিনি। পাশাপাশি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়কে সচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রম এবং প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে বিশেষ অনুষ্ঠান আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন।
এ ছাড়া সারা দেশে প্রতিবন্ধী স্কুলগুলোর কার্যক্রম সঠিকভাবে চলছে কি না তা যাচাই করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ প্রতিযোগিতায় বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের অন্তর্ভুক্ত করার কথাও বলেন তিনি।
সভায় সিদ্ধান্ত হয়, প্রাথমিকভাবে ১০ জেলার ১০টি উপজেলায় বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের স্বাস্থ্য ও পুনর্বাসন সেবা নিশ্চিত করতে ‘শিশু স্বর্গ’ প্রকল্প চালু করা হবে। দ্রুত এ কার্যক্রম শুরু করা হবে বলেও জানানো হয়।
সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল, পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তারসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবরা উপস্থিত ছিলেন। বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা আবদুস সাত্তার দুলালও সভায় অংশ নেন।
আপনার মতামত লিখুন :