ভরতনাট্যম দৃশ্য ঘিরে সমালোচনায় অনন্যা পান্ডে, তবু বক্স অফিসে টিকে ছবি
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ২৬ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
বিনোদন ডেস্ক :
বলিউড অভিনেত্রী অনন্যা পান্ডে অভিনীত নতুন ছবি চান্দ মেরে দিল মুক্তির পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। তবে এই আলোচনা প্রশংসামুখর নয়। ছবির একটি বিশেষ নৃত্যদৃশ্য ঘিরে শুরু হয়েছে তীব্র সমালোচনা, ট্রোলিং ও মিমের বন্যা।
ছবিতে অনন্যা পান্ডেকে দেখা গেছে ঐতিহ্যবাহী ধ্রুপদী নৃত্য ভরতনাট্যম পরিবেশন করতে। আর এই দৃশ্যটিই দর্শকদের বড় একটি অংশ ভালোভাবে গ্রহণ করেননি। অনেকের মতে, অনন্যার নৃত্য পরিবেশনা ভরতনাট্যমের মতো একটি শাস্ত্রীয় নাচের সৌন্দর্য ও মর্যাদাকে ঠিকভাবে তুলে ধরতে পারেনি।
‘চান্দ মেরে দিল’ ছবিতে অনন্যার চরিত্রের নাম চাঁদনি। গল্প অনুযায়ী তিনি একজন ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থী এবং একই সঙ্গে প্রশিক্ষিত ভরতনাট্যম নৃত্যশিল্পী। ছবির এক গুরুত্বপূর্ণ দৃশ্যে মঞ্চে তার নাচ দেখে প্রেমিক মুগ্ধ হয়ে যায়। কিন্তু পর্দার বাইরের দর্শকদের প্রতিক্রিয়া ছিল একেবারেই ভিন্ন।
সোশ্যাল মিডিয়ায় একজন লিখেছেন, “আমি নিজে ছয় বছর ভরতনাট্যম শিখেছি, পর্দায় এটা কী দেখানো হলো!” আরেকজন মন্তব্য করেন, “অনন্যার নাচ না পারার বিষয়টা ঢাকতে এত চেষ্টা করা হয়েছে যে পুরো দৃশ্যটাই বিব্রতকর লেগেছে।” কেউ কেউ ব্যঙ্গ করে লিখেছেন, “এই নাচ দেখে যে নায়ক মুগ্ধ হয়েছে, তার নাড়ির স্পন্দন একবার পরীক্ষা করা দরকার!”
এই নাচের দৃশ্যকে কেন্দ্র করে বলিউডে তারকা-সন্তানদের সুযোগ পাওয়া ও যোগ্যতা নিয়ে পুরোনো নেপোটিজম বিতর্কও নতুন করে আলোচনায় এসেছে। অনেকে মনে করছেন, প্রশিক্ষণ ও দক্ষতার ঘাটতি থাকা সত্ত্বেও শুধু পরিচয়ের জোরেই এমন গুরুত্বপূর্ণ চরিত্র পাওয়া যাচ্ছে।
তবে এত সমালোচনা ও ট্রোলিংয়ের মধ্যেও বক্স অফিসে পুরোপুরি মুখ থুবড়ে পড়েনি ছবিটি। মুক্তির তৃতীয় দিন পর্যন্ত ভারতজুড়ে ছবিটির মোট ২ হাজার ৮৩৮টি শো চলেছে। তিন দিনে ভারতের বাজারে ছবিটির মোট আয় দাঁড়িয়েছে প্রায় ৯ কোটি ১ লাখ টাকা।
সব মিলিয়ে, ‘চান্দ মেরে দিল’ এখন আলোচনায় রয়েছে দ্বিমুখী কারণে—একদিকে বিতর্কিত ভরতনাট্যম দৃশ্য, অন্যদিকে সমালোচনার মাঝেও মোটামুটি স্থিতিশীল বক্স অফিস পারফরম্যান্স।
সূত্র : এই সময়
আপনার মতামত লিখুন :