কুমিল্লাকে বিভাগ ও কৃষি বিশ্ববিদ্যালয় করার প্রতিশ্রুতি দিলেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ১৬ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
নিজস্ব প্রতিবেদক :
কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে আয়োজিত এক পথসভায় বক্তব্য দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, কুমিল্লাকে বিভাগ ঘোষণা করা যদি জনগণের দাবি হয়ে থাকে, তাহলে তা বাস্তবায়ন করা হবে। একই সঙ্গে তিনি সেখানে একটি কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিষয়েও ইতিবাচক আশ্বাস দেন।
স্থানীয় জনপ্রতিনিধি ও জনগণের বিভিন্ন দাবি উপস্থাপনের প্রেক্ষিতে তিনি এসব কথা বলেন। দাবিগুলোর মধ্যে কুমিল্লাকে বিভাগ ঘোষণা এবং কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিষয়টি বিশেষভাবে উঠে আসে।
বক্তব্যের শুরুতে তিনি বিএনপির বিভিন্ন উন্নয়ন ও কল্যাণমূলক উদ্যোগের কথা উল্লেখ করেন। তিনি বলেন, খাল খনন, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ এবং ধর্মীয় প্রতিষ্ঠানে ইমাম-পুরোহিতদের সম্মানী দেওয়ার মতো কর্মসূচি ইতোমধ্যে চালু করা হয়েছে।
প্রধানমন্ত্রী আরও বলেন, বিএনপি জনগণের কাছে যে প্রতিশ্রুতি দেয়, সরকারে গেলে তা বাস্তবায়ন করে। জনগণের কল্যাণ নিশ্চিত করাই তাদের মূল লক্ষ্য।
দেশ গঠনের প্রসঙ্গে তিনি বলেন, সবাইকে সঙ্গে নিয়ে দেশকে এগিয়ে নিতে হবে এবং মানুষকে স্বাবলম্বী করার ওপর গুরুত্ব দিতে হবে। জনগণই দেশের মালিক এবং তারা দায়িত্ব নিলে দেশ আরও এগিয়ে যায় বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আপনার মতামত লিখুন :