1. জাতীয়
  2. বিস্তারিত

স্বচ্ছ সংস্কার ও উন্নয়নই সরকারের লক্ষ্য, কোনো লুকোচুরি নেই : প্রধানমন্ত্রী

স্বচ্ছ সংস্কার ও উন্নয়নই সরকারের লক্ষ্য, কোনো লুকোচুরি নেই : প্রধানমন্ত্রী
বগুড়া সংবাদদাতা :

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ৫ আগস্ট দেশ স্বৈরাচারমুক্ত হওয়ার পর অন্তর্বর্তী সরকার সংস্কার কমিশন গঠন করেছে এবং জনগণের পক্ষ থেকে স্বচ্ছ প্রস্তাবনা জমা দেওয়া হয়েছে। তিনি বলেন, “আমরা যা করব, স্বচ্ছভাবেই করব। কোনো লুকোচুরি নেই। গণতন্ত্রে মতের পার্থক্য থাকবে, তবে আমাদের একমাত্র লক্ষ্য দেশের মানুষের উন্নয়ন।”

সোমবার (২০ এপ্রিল) বিকেলে বগুড়ার আলতাফুন্নেছা খেলার মাঠে আয়োজিত এক জনসভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, যখন স্বৈরাচারের ভয়ে অন্য রাজনৈতিক দলগুলো ‘সংস্কার’ শব্দটি উচ্চারণ করার সাহস পায়নি, তখন বিএনপি ৩১ দফা সংস্কার কর্মসূচি দিয়েছিল। কারণ গত ১৬ বছরে স্বাস্থ্য, শিক্ষা, ব্যাংকিং ও যোগাযোগব্যবস্থা ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছেছিল। মেগা প্রকল্পের নামে লুটপাট ও দুর্নীতি ছাড়া কিছুই হয়নি বলেও অভিযোগ করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, বিএনপি জনগণকে যে প্রতিশ্রুতি দিয়েছিল, সেগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন শুরু হয়েছে। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং ইমাম-মুয়াজ্জিনদের সম্মানির ব্যবস্থা নেওয়া হচ্ছে। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের খেটে খাওয়া মানুষ সরাসরি উপকৃত হবে।

তারেক রহমান আরও বলেন, স্বল্প খরচে তরুণদের জন্য বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরিতে বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ শুরু হয়েছে। খুব শিগগিরই এ বিষয়ে সুখবর পাওয়া যাবে। পাশাপাশি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর ঐতিহাসিক খাল খনন কর্মসূচি দেশব্যাপী পুনরায় চালু করা হবে। আগামী পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা রয়েছে সরকারের।

বগুড়াবাসীর দীর্ঘদিনের দাবির কথা উল্লেখ করে তিনি বলেন, বগুড়া–সিরাজগঞ্জ রেলপথের কাজ দ্রুত শুরু করা হবে। একই সঙ্গে স্থানীয় কৃষিপণ্য বিদেশে রপ্তানির সুবিধার্থে বগুড়া বিমানবন্দরকে কার্গো বিমান ওঠানামার উপযোগী করে গড়ে তোলা হবে।

এর আগে সকালে প্রধানমন্ত্রী ঢাকা থেকে সড়কপথে বগুড়ায় পৌঁছান। দিনভর কর্মসূচির অংশ হিসেবে তিনি জেলা জজ আদালতের নবনির্মিত ভবন ও ‘ই-বেইলবন্ড’ কার্যক্রমের উদ্বোধন করেন। পরে বগুড়া সিটি করপোরেশনের নামফলক উন্মোচন, গাবতলীর বাগবাড়ীতে পৈতৃক ভিটা পরিদর্শন এবং শহীদ জিয়াউর রহমান গ্রাম হাসপাতালে জাতীয় টিকাদান কর্মসূচি, ফ্যামিলি কার্ড ও খাল খনন কার্যক্রমের উদ্বোধন করেন।
ad728

আরও পড়ুন

আপনার মতামত লিখুন