চিকিৎসকদের নিরাপত্তা ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে হামলার প্রতিবাদে পাবনায় মানববন্ধন


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ১৯ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

মো: ইমরান হোসেন, পাবনা সদর প্রতিনিধি :

পাবনায় চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত এবং স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে হামলার প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক এসোসিয়েশন (বিপিএইচসিডিএ) পাবনা জেলা শাখা।

সোমবার (১৮ মে) পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আয়োজিত এই কর্মসূচিতে জেলার বিভিন্ন বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিক ও প্রতিনিধিরা অংশ নেন।

কর্মসূচিতে বক্তারা সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন। বিশেষ করে শরীয়তপুর জেলা সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডা. মো. নাসির ইসলামের ওপর হামলার ঘটনার নিন্দা জানান তারা। একই সঙ্গে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা, হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলা হয়।

বক্তারা বলেন, স্বাস্থ্যখাতে এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা দেশের চিকিৎসা ব্যবস্থাকে মারাত্মক হুমকির মুখে ফেলছে। এতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের মধ্যে উদ্বেগ ও নিরাপত্তাহীনতা বাড়ছে। তারা স্বাস্থ্যসেবা খাতে শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সরকার ও প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেন।

মানববন্ধন শেষে বিপিএইচসিডিএ নেতৃবৃন্দ পাবনা জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন বিপিএইচসিডিএ পাবনা জেলা শাখার সভাপতি মো. শফিকুল ইসলাম খান, সাধারণ সম্পাদক সাইদুর রশিদ খান পিন্টু, সহ-সভাপতি আব্দুল জব্বার, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, কোষাধ্যক্ষ গোলাম মোস্তফা, প্রচার সম্পাদক মো. আতাউর রহমান, সমাজকল্যাণ সম্পাদক শামসুর রহমান বাণী, কার্যনির্বাহী সদস্য আমিরুল ইসলাম ও কাজী নাজিম উদ্দিন, চাটমোহর উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল কাদের, ভাঙ্গুড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক জহুরুল ইসলামসহ জেলার বিভিন্ন হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিকবৃন্দ।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ