মাদকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : আইজিপি
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ১৩ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
অনলাইন ডেস্ক :
মাদক বিক্রি কিংবা সেবনের সঙ্গে কোনো পুলিশ সদস্যের সম্পৃক্ততা পাওয়া গেলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন মো. আলী হোসেন ফকির।
মঙ্গলবার দুপুরে রাজারবাগ পুলিশ লাইনস–এ পুলিশ সপ্তাহ ২০২৬ উপলক্ষে আয়োজিত মাদক নিয়ন্ত্রণ ও অস্ত্র উদ্ধার অভিযানে সফল কর্মকর্তাদের আইজিপি ব্যাচ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আইজিপি বলেন, মাদক দেশের যুবসমাজ ও জাতির ভবিষ্যতের জন্য বড় হুমকি। এ চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ পুলিশ দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে। তবে পুলিশ বাহিনীর কোনো সদস্যের বিরুদ্ধে মাদক সেবন বা মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হলে তাকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
তিনি আরও বলেন, দীর্ঘ ১৭ বছরে পুলিশ বাহিনীকে একটি পেটোয়া বাহিনী হিসেবে ব্যবহার করার কারণে জনগণের সঙ্গে পুলিশের দূরত্ব তৈরি হয়েছিল। তবে বর্তমান সময়ে সেই অবস্থার পরিবর্তন হচ্ছে এবং ধীরে ধীরে পুলিশ বাহিনীর ভাবমূর্তি পুনরুদ্ধার করা সম্ভব হচ্ছে।
আইজিপি আশাবাদ ব্যক্ত করে বলেন, জনগণের আস্থা অর্জনের মাধ্যমে পুলিশ বাহিনীতে শৃঙ্খলা ও পেশাদারিত্ব আরও সুদৃঢ় হবে।
আপনার মতামত লিখুন :