বাংলাদেশকে পাঁচ বছরে ৫ বিলিয়ন ডলার সহায়তার ঘোষণা এডিবির
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ২৬ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
অনলাইন ডেস্ক :
আগামী পাঁচ বছরে বাংলাদেশকে ৫ বিলিয়ন মার্কিন ডলার সহায়তা দেওয়ার পরিকল্পনা ঘোষণা করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। একই সঙ্গে বাংলাদেশে বার্ষিক ঋণসহায়তা প্রায় ২০ শতাংশ বাড়ানোর কথাও জানিয়েছে সংস্থাটি।
সোমবার সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এক বৈঠকে এসব পরিকল্পনার কথা তুলে ধরেন এডিবি সভাপতি মাসাতো কান্দা। এ সময় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার উপস্থিত ছিলেন।
এডিবির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এডিবি সভাপতির সফরকালে ২০২৬ সালের বার্ষিক প্রতিশ্রুতি কর্মসূচির আওতায় প্রায় ১ দশমিক ৪ বিলিয়ন ডলারের ঋণচুক্তিও সই হয়েছে।
এডিবি সভাপতি মাসাতো কান্দা বলেন, বাংলাদেশ এখন একটি গুরুত্বপূর্ণ নতুন পর্যায়ে প্রবেশ করছে। অর্জিত স্থিতিশীলতা ধরে রাখা, নতুন প্রবৃদ্ধির উৎস তৈরি এবং আরও বহুমুখী ও সহনশীল অর্থনীতি গড়ে তুলতে এডিবি সহযোগিতা অব্যাহত রাখবে।
এডিবি জানিয়েছে, ‘ইন্টিগ্রেটেড গ্রোথ নেটওয়ার্ক ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ’ নামে একটি নতুন কর্মসূচির আওতায় এই অর্থায়ন দেওয়া হবে। এর মাধ্যমে বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং আঞ্চলিক বৈষম্য কমিয়ে ভারসাম্যপূর্ণ প্রবৃদ্ধি নিশ্চিত করার লক্ষ্য নেওয়া হয়েছে।
পরিকল্পনা অনুযায়ী, প্রতি বছর গড়ে প্রায় ১ বিলিয়ন ডলার করে অর্থায়ন দেওয়া হবে। এটি সংস্থাটির বাংলাদেশের জন্য বর্ধিত বার্ষিক ঋণ সহায়তার কাঠামোর মধ্যেই থাকবে।
বর্তমানে বাংলাদেশে এডিবির বার্ষিক সার্বভৌম ঋণ প্রতিশ্রুতির পরিমাণ প্রায় ২ বিলিয়ন ডলার। তা মধ্যমেয়াদে বাড়িয়ে প্রায় ২ দশমিক ৪ বিলিয়ন ডলারে উন্নীত করার পরিকল্পনাও রয়েছে।
এডিবি আরও জানিয়েছে, বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতার কারণে বাংলাদেশকে অতিরিক্ত ২৫০ মিলিয়ন ডলার সহায়তা দেওয়া হবে। পাশাপাশি উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে ২০ লাখ ডলারের কারিগরি সহায়তাও দেবে সংস্থাটি।
আপনার মতামত লিখুন :