মধ্যনগরে ত্রাণ বিতরণে অনিয়মের অভিযোগ, তালিকা নিয়ে বিতর্ক ও তদন্তের দাবি
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ১৯ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
স্ট্যাফ রিপোর্টার :
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলাতে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইসলামিক রিলিফ বাংলাদেশ–এর ত্রাণ বিতরণে অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে।
ত্রাণ বিতরণের পরপরই উপকারভোগীদের একটি তালিকা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। তালিকায় দেখা যায়, একাধিক উপকারভোগীর নাম মুসলিম হলেও পিতা বা স্বামীর নাম হিন্দু হিসেবে উল্লেখ রয়েছে, যা নিয়ে স্থানীয়দের মধ্যে প্রশ্ন উঠেছে।
অভিযোগ অনুযায়ী, তালিকা প্রস্তুতকারী স্থানীয় জনপ্রতিনিধিরা ১,০২৫ জন উপকারভোগীর নাম অন্তর্ভুক্ত করে জনপ্রতি ৬,০০০ টাকা করে নগদ সহায়তা উত্তোলন করেন। স্থানীয়দের দাবি, তালিকায় তাদের আত্মীয়স্বজনদের অগ্রাধিকার দেওয়া হয়েছে এবং প্রকৃত ক্ষতিগ্রস্ত অনেক পরিবার বঞ্চিত হয়েছে।
ভাইরাল হওয়া তালিকায় বিভিন্ন ধরনের অসঙ্গতিপূর্ণ নাম ও পরিচয় উল্লেখ পাওয়া যায় বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। তারা দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের এক স্থানীয় বাসিন্দা ও কৃষক সুধিন সরকার বলেন, অনেক ক্ষতিগ্রস্ত পরিবার তালিকায় স্থান পায়নি, আবার অপ্রাসঙ্গিক নাম অন্তর্ভুক্ত হয়েছে, যা নিয়ে জনমনে ক্ষোভ তৈরি হয়েছে।
অন্যদিকে, ইসলামিক রিলিফ বাংলাদেশের সহকারী প্রকল্প কর্মকর্তা সোহানুর রহমান বলেন, তালিকায় কোনো ভুল বা অসঙ্গতি থাকলে তা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মধ্যনগর উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জয় ঘোষ জানান, সংস্থাটি নিজেদের উদ্যোগে তালিকা প্রস্তুত করেছে এবং এ বিষয়ে উপজেলা প্রশাসনের সঙ্গে কোনো সমন্বয় করা হয়নি। তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তালিকাটি নজরে এসেছে এবং বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মতামত লিখুন :