শান্তর সেঞ্চুরি ও মোস্তাফিজের পাঁচ উইকেটে সিরিজ বাংলাদেশের
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
খেলাধুলা ডেস্ক :
তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে সফরকারী নিউজিল্যান্ড-কে ৫৫ রানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে ২–১ ব্যবধানে সিরিজ নিজেদের করে নেয় টাইগাররা। ম্যাচে ব্যাট হাতে সেঞ্চুরি করেন নাজমুল হাসান শান্ত, আর বল হাতে পাঁচ উইকেট তুলে নিয়ে ম্যাচসেরা পারফরম্যান্স দেখান মোস্তাফিজুর রহমান।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) চট্টগ্রাম বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম-এ টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড।
ব্যাট করতে নেমে শুরুতেই বিপদে পড়ে বাংলাদেশ। প্রথম ওভারেই শূন্য রানে আউট হন সাইফ হাসান। তানজিদ তামিম ফেরেন ৫ বলে ১ রান করে। সৌম্য সরকার ২৬ বলে ১৮ রান করে আউট হলে চাপ আরও বাড়ে।
এই পরিস্থিতিতে লিটন দাসকে সঙ্গে নিয়ে ইনিংস গড়েন নাজমুল হাসান শান্ত। ধৈর্যশীল ব্যাটিংয়ে ২৬তম ওভারে ফিফটি পূর্ণ করেন শান্ত, যার জন্য খেলেন ৭০ বল। অন্যদিকে ৭১ বলে ফিফটি করেন লিটন দাস, দীর্ঘ ১৯ ইনিংস পর অর্ধশতকের দেখা পান তিনি। তবে ৯১ বলে ৭৬ রান করে জেয়ডেন লেনক্সের বলে বোল্ড হন লিটন।
ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে তাওহীদ হৃদয় নামার পর সেঞ্চুরির পথে এগিয়ে যান শান্ত। ১১৪ বলে ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি তুলে নেন তিনি। পরে রানের গতি বাড়াতে গিয়ে ১০৫ রানে আউট হন বাংলাদেশ অধিনায়ক।
ইনিংসের শেষ দিকে মেহেদী মিরাজ আউট হওয়ার পর দ্রুত আরও দুই উইকেট হারালেও নির্ধারিত ৫০ ওভারে বাংলাদেশ ৮ উইকেটে ২৬৫ রান তোলে। তাওহীদ হৃদয় অপরাজিত থাকেন ৩৩ রানে।
নিউজিল্যান্ডের পক্ষে সর্বোচ্চ তিন উইকেট নেন উইল ও’রুর্ক। দুটি করে উইকেট শিকার করেন বেন লিস্টার ও জেয়ডেন লেনক্স। একটি উইকেট পান ডিন ফক্সক্রফট।
২৬৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় কিউইরা। ব্যক্তিগত ৪ রানে হেনরি নিকোলস মোস্তাফিজের বলে লিটন দাসের হাতে ক্যাচ দিয়ে ফেরেন। দলীয় ৫৪ রানে উইল ইয়ংকে আউট করেন নাহিদ রানা।
নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৭৫ রান করেন ডিন ফক্সক্রফট। ৭২ বলে ৭ ছক্কায় সাজানো এই ইনিংস ম্যাচে লড়াইয়ের রসদ জোগায়। এছাড়া নিক কেলি ৫৯ রান করেন। মোহাম্মদ আব্বাস করেন ২৫ রান। তবে বাকিরা বড় ইনিংস খেলতে ব্যর্থ হন।
শেষ পর্যন্ত ৪৪ ওভার ৫ বলে ২১০ রানেই অলআউট হয়ে যায় নিউজিল্যান্ড।
বাংলাদেশের হয়ে ৪৩ রান দিয়ে ৫ উইকেট নেন মোস্তাফিজুর রহমান। দুটি করে উইকেট শিকার করেন নাহিদ রানা ও মেহেদী মিরাজ। একটি উইকেট পান শরীফুল ইসলাম। এই জয়ে আত্মবিশ্বাসের সঙ্গে সিরিজ শেষ করল টাইগাররা।
আপনার মতামত লিখুন :