সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনসহ ৩৮ জনের বিরুদ্ধে দুদকে ইসলামী ব্যাংকের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ১০ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
নিউজ বাংলা ডেস্ক :
৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনসহ ৩৮ জনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) অভিযোগ করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। অভিযোগটি ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ করপোরেট শাখার অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ ইয়াসীন আলী ব্যাংকের পক্ষে দাখিল করেন।
অভিযোগে ঘটনাটি অনুসন্ধান করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য দুদকের প্রতি অনুরোধ জানিয়েছে ইসলামী ব্যাংক।
ব্যাংক কর্তৃপক্ষের অভিযোগ, সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যান থাকাকালে এই ঋণ জালিয়াতির ঘটনা ঘটে। ২০১৭ সালে এস আলম গ্রুপ ব্যাংকটির নিয়ন্ত্রণ নেওয়ার পর ‘সুপ্রভ কম্পোজিট নিট লিমিটেড’ নামে একটি দুর্বল প্রতিষ্ঠানের ঋণসীমা অনিয়ম ও জালিয়াতির মাধ্যমে ১০০ কোটি টাকা থেকে বাড়িয়ে ৫০০ কোটি টাকা করা হয়। পরে ওই ঋণের অর্থ উত্তোলন করে আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ইসলামী ব্যাংকের অভিযোগে আরও বলা হয়, অ্যাননটেক্স গ্রুপের ইউনুস বাদলের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে পরিচিত সুপ্রভ কম্পোজিট নিট লিমিটেডের অনুকূলে অবৈধভাবে ঋণ বরাদ্দ পাইয়ে দিতে ব্যবসায়ী এস আলম ভূমিকা রাখেন। তৎকালীন পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে মো. সাহাবুদ্দিন এবং ব্যাংকের সাবেক তিন ব্যবস্থাপনা পরিচালক মনিরুল মাওলা, আব্দুল হামিদ মিয়া ও মাহবুব উল আলমসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা ওই ঋণ অনুমোদনের প্রক্রিয়ায় যুক্ত ছিলেন বলে অভিযোগে বলা হয়েছে।
ব্যাংকটির দাবি, সংশ্লিষ্ট ব্যক্তিরা অনৈতিকভাবে ঋণ অনুমোদন ও বরাদ্দের মাধ্যমে আর্থিকভাবে লাভবান হয়েছেন এবং এতে ব্যাংকের বিপুল পরিমাণ অর্থ ক্ষতিগ্রস্ত হয়েছে।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, চারটি অডিট ফার্মের মাধ্যমে বিষয়টি তদন্ত করানো হয়েছে। তাদের নিরীক্ষা ও অনুসন্ধানে ঋণ অনুমোদন, সীমা বৃদ্ধি এবং অর্থ ব্যবহারের ক্ষেত্রে বিভিন্ন অনিয়ম ও অসঙ্গতি উঠে এসেছে। এসব তথ্যের ভিত্তিতেই দুদকে অভিযোগ দায়ের করে ইসলামী ব্যাংক।
তবে অভিযোগে যাদের নাম এসেছে, তাদের বিরুদ্ধে উত্থাপিত বিষয়গুলো তদন্তের মাধ্যমে প্রমাণিত হওয়ার আগ পর্যন্ত তা অভিযোগ হিসেবেই বিবেচিত হবে।
আপনার মতামত লিখুন :