লাচ্ছি বিতর্কে সমালোচনার মুখে ভাগ্যশ্রী, অবশেষে দিলেন ব্যাখ্যা
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ০৯ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
বিনোদন ডেস্ক :
ভারতের বারাণসীর একটি লাচ্ছির দোকানকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া বিতর্কে মুখ খুলেছেন বলিউড অভিনেত্রী ভাগ্যশ্রী। ভাইরাল হওয়া একটি ভিডিওর অংশকে কেন্দ্র করে তার বিরুদ্ধে ওঠা অভিযোগকে ভিত্তিহীন দাবি করে তিনি বলেছেন, আংশিক ভিডিও প্রকাশ করে মানুষকে বিভ্রান্ত করা হয়েছে।
সম্প্রতি বারাণসীর একটি জনপ্রিয় লাচ্ছির দোকান পরিদর্শন করেন ‘ম্যায়নে পেয়ার কিয়া’খ্যাত এই অভিনেত্রী। সেখানে তিনি দোকানের লাচ্ছির প্রশংসা করে একটি ভিডিও ধারণ করেন। তবে পরে সেই ভিডিওর একটি সংক্ষিপ্ত অংশ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ভাইরাল হওয়া ক্লিপে দাবি করা হয়, অতিরিক্ত চিনি ও ফ্যাট থাকার কারণে ভাগ্যশ্রী ক্যামেরার সামনে লাচ্ছির প্রশংসা করলেও বাস্তবে তা পান করেননি। এরপরই তাকে নিয়ে শুরু হয় ব্যাপক সমালোচনা ও ট্রলিং।
এ বিষয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করে ভাগ্যশ্রী বলেন, “আপনারা কি সেখানে উপস্থিত ছিলেন? কেউ কি শুনেছেন আমি বলেছি যে লাচ্ছি খুব মিষ্টি, তাই আমি খাব না?”
তিনি আরও বলেন, “ভুয়া বিষয়টি হলো সেই ভিডিও, যেখানে ঘটনার অর্ধেক অংশ দেখিয়ে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে।”
অভিনেত্রীর মতে, একটি ঘটনার আংশিক ভিডিও দেখে সিদ্ধান্তে পৌঁছানো ঠিক নয়। পুরো ঘটনা না জেনে সামাজিক যোগাযোগমাধ্যমে নেতিবাচক মন্তব্য করাও অনুচিত বলে মন্তব্য করেন তিনি।
ভাগ্যশ্রীর এই ব্যাখ্যার পরও বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা থামেনি। একাংশ তার বক্তব্যকে সমর্থন জানালেও, অন্যরা পুরো ভিডিও প্রকাশের দাবি জানিয়েছেন।
আপনার মতামত লিখুন :