জনসাধারণের জন্য খুলে দেওয়া হলো জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ০৬ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
নিউজ বাংলা ডেস্ক :
জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, স্মৃতি ও আত্মত্যাগ সংরক্ষণের লক্ষ্যে নির্মিত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর বৃহস্পতিবার (৬ আগস্ট) থেকে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে। সকাল ১১টা থেকে দর্শনার্থীদের জন্য জাদুঘরের দরজা খুলে দেওয়া হলে প্রথম দিনেই টিকিট সংগ্রহে ভিড় করেন অনেকেই।
দর্শনার্থীরা বলেন, এই জাদুঘর শুধু জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস সংরক্ষণই করবে না, বরং দেশে ফ্যাসিবাদের কোনো স্থান নেই- সেই বার্তারও একটি স্থায়ী প্রতীক হয়ে থাকবে।
এর আগে বুধবার (৫ আগস্ট) প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে জাদুঘরটির উদ্বোধন করেন। পরদিন থেকে এটি সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়।
কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিদিন সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জাদুঘরটি খোলা থাকবে। তবে শুক্রবার দর্শনার্থীরা দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জাদুঘর পরিদর্শনের সুযোগ পাবেন।
প্রতিদিন সর্বোচ্চ ৯০০ জন দর্শনার্থী জাদুঘরে প্রবেশ করতে পারবেন। এজন্য প্রবেশের সময় তিনটি পৃথক স্লট নির্ধারণ করা হয়েছে। প্রতিটি স্লটে সর্বোচ্চ ৩০০ জন করে প্রবেশের সুযোগ থাকবে। নির্ধারিত সময়গুলো হলো: সকাল ১১টা থেকে দুপুর ১টা, দুপুর ১টা থেকে ৩টা এবং বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা।
জাদুঘরে প্রবেশের টিকিটের মূল্য শিশুদের জন্য ২০ টাকা এবং প্রাপ্তবয়স্কদের জন্য ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। দর্শনার্থীরা অনলাইনের পাশাপাশি জাদুঘরের কাউন্টার থেকেও টিকিট সংগ্রহ করতে পারবেন।
সংশ্লিষ্টরা আশা করছেন, জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, আত্মত্যাগ এবং গণতান্ত্রিক চেতনা নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে জাদুঘরটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
আপনার মতামত লিখুন :