বরগুনার নাথপট্টি খাল ময়লার ভাগাড়ে, ডেঙ্গু ঝুঁকি নিয়ে বাড়ছে উদ্বেগ


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ০৪ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

জাকিয়া সুলতানা, বরগুনা জেলা প্রতিনিধি :

বরগুনা পৌরসভার গুরুত্বপূর্ণ জলাধার ও পানি নিষ্কাশন ব্যবস্থার অংশ নাথপট্টি খাল বর্তমানে ময়লা-আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে। পরিত্যক্ত প্লাস্টিক, পলিথিন ও গৃহস্থালি বর্জ্যে ভরাট হয়ে খালটির স্বাভাবিক পানি প্রবাহ প্রায় বন্ধ হয়ে গেছে। এতে পরিবেশ দূষণের পাশাপাশি ডেঙ্গুসহ মশাবাহিত রোগের ঝুঁকি বাড়ছে বলে স্থানীয়দের অভিযোগ।

সরেজমিনে দেখা যায়, খালের বিভিন্ন অংশে প্লাস্টিকের বোতল, খাবারের প্যাকেট ও নানা ধরনের বর্জ্য স্তূপ হয়ে আছে। কোথাও কোথাও পানির ওপর ঘন আবর্জনার স্তর জমে স্থির পানি তৈরি হয়েছে, যা মশার প্রজননের অনুকূল পরিবেশ সৃষ্টি করেছে। স্থানীয়রা জানান, সন্ধ্যার পর মশার উপদ্রব এতটাই বেড়ে যায় যে স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হচ্ছে।

ডেঙ্গু পরিস্থিতি নিয়ে উদ্বেগের মধ্যে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরাও মশার প্রজননস্থল ধ্বংসের ওপর গুরুত্ব দিচ্ছেন। তবে বরগুনা শহরের কেন্দ্রস্থলের এই গুরুত্বপূর্ণ খালের বর্তমান অবস্থা নিয়ে সাধারণ মানুষের মধ্যে চরম উদ্বেগ দেখা দিয়েছে।

পরিবেশ আন্দোলনের নেতা ও সাংবাদিক মুশফিক আরিফ বলেন, নাথপট্টি খাল একসময় শহরের গুরুত্বপূর্ণ পানি নিষ্কাশন পথ ছিল। এখন এটি বর্জ্যের স্তূপে পরিণত হয়েছে। দ্রুত পরিষ্কার ও নিয়মিত রক্ষণাবেক্ষণ না হলে জনস্বাস্থ্যের বড় ঝুঁকি তৈরি হতে পারে।

বরগুনা জেলা নাগরিক অধিকার সংরক্ষণ কমিটির সাধারণ সম্পাদক মনির হোসেন কামাল বলেন, এটি শুধু পরিবেশগত সমস্যা নয়, বরং জনস্বাস্থ্যের জন্যও হুমকি। খাল পরিষ্কার না হলে বর্ষায় জলাবদ্ধতা এবং ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে।

স্থানীয়রা খালটি দ্রুত পরিষ্কার, নিয়মিত তদারকি এবং বর্জ্য ফেলা বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন। তাদের মতে, খালটি পুনরুদ্ধার করা গেলে শহরের পরিবেশ ও পানি নিষ্কাশন ব্যবস্থা দুই-ই উন্নত হবে।

তবে বরগুনা পৌর নির্বাহী কর্মকর্তা মো. রফিকুল ইসলাম রিপন জানান, খালটি নিয়মিত পরিষ্কার করা হয়। সাম্প্রতিক জোয়ারে বাইরে থেকে ময়লা ঢুকে পড়েছে, দ্রুত পরিষ্কারের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে স্থানীয়দের একাংশ বলছেন, অসচেতনভাবে খালে বর্জ্য ফেলার প্রবণতা বন্ধে জনসচেতনতা ও প্রশাসনিক নজরদারি আরও জোরদার করা প্রয়োজন। সচেতন মহলের মতে, ডেঙ্গু নিয়ন্ত্রণ ও একটি পরিচ্ছন্ন শহর গঠনে নাথপট্টি খাল পুনরুদ্ধার এখন জরুরি হয়ে পড়েছে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ