বাংলাদেশ-চীন শীর্ষ বৈঠক ফলপ্রসূ, ১৩ সমঝোতা স্মারকে সই হয়েছে : ড. মাহদী আমিন


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ২৫ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

নিউজ বাংলা ডেস্ক :

চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং–এর সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অত্যন্ত ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ড. মাহদী আমিন। তিনি জানান, আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই বৈঠকে বিনিয়োগ, শিল্পায়ন ও অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারে দুই দেশ একমত হয়েছে। বৈঠক শেষে মোট ১৩টি সমঝোতা স্মারকে স্বাক্ষর করা হয়।

বৃহস্পতিবার (২৫ জুন) প্রধানমন্ত্রীর বেইজিং সফর উপলক্ষে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ড. মাহদী আমিন। তিনি বলেন, বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে চীনের সর্বোচ্চ সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে। মংলা বন্দরসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প, নতুন অর্থনৈতিক অঞ্চলে চীনা বিনিয়োগ এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেছে চীন। নদীর পানি ব্যবস্থাপনা নিয়েও বড় পরিসরে কাজ করতে চায় দেশটি।

সংবাদ সম্মেলনে জানানো হয়, দুই দেশের মধ্যে বাণিজ্য ঘাটতি কমানো, গার্মেন্টস শিল্পে সহযোগিতা বৃদ্ধি এবং চীনা উদ্যোক্তাদের বাংলাদেশে কারখানা স্থাপনের বিষয়েও আলোচনা হয়েছে। একই সঙ্গে বাংলাদেশ থেকে চীনে কাঁঠাল রফতানির উদ্যোগ নেওয়া হবে এবং অন্যান্য খাতেও রফতানি বাড়াতে একসঙ্গে কাজ করবে দুই দেশ।

ড. মাহদী আমিন আরও বলেন, চীনের বিভিন্ন কোম্পানি বাংলাদেশে অফিস স্থাপনে আগ্রহী। জনগণের মধ্যে যোগাযোগ বাড়াতে এবং চীনের বিনিয়োগে হাসপাতালের সংখ্যা বৃদ্ধি নিয়েও আলোচনা হয়েছে। পাশাপাশি চীনে চিকিৎসা ও শিক্ষার্থীদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করার বিষয়টি গুরুত্ব পেয়েছে।

তিনি জানান, বাংলাদেশকে কৌশলগত অংশীদার হিসেবে দেখতে চায় চীন। ব্রিকসে বাংলাদেশের সম্ভাব্য অন্তর্ভুক্তি নিয়েও আলোচনা হয়েছে। বৈঠকে চীনের প্রধানমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানানো হয়েছে এবং দুই দেশের ঐতিহাসিক সম্পর্ক আরও গভীর করার বিষয়ে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করেছে।

এদিকে, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীর জানান, বৈঠকে রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা হয়েছে, যা বাংলাদেশের জন্য একটি বড় নিরাপত্তা চ্যালেঞ্জ। তাঁর মতে, এই সফর দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে।

উল্লেখ্য, বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল ৫টায় গ্রেট হল অব দ্য পিপল–এ এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে নিজ নিজ দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ