আন্তঃমন্ত্রণালয় সভার পর স্থানীয় নির্বাচনের তফসিল : স্বরাষ্ট্রমন্ত্রী


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

নিউজ বাংলা ডেস্ক :

আন্তঃমন্ত্রণালয় সভার পর স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, নির্বাচন কমিশন (ইসি) সাংবিধানিক ও আইনগত কাঠামোর মধ্যে থেকে কাজ করে। তবে স্থানীয় সরকার নির্বাচনের ক্ষেত্রে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোর সঙ্গে সমন্বয়ের প্রয়োজন রয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সচিবালয়ে যানজট নিরসন নিয়ে অনুষ্ঠিত সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। একই দিনে নির্বাচন কমিশনও জানিয়েছে, আগামী ১৭ সেপ্টেম্বর বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে বৈঠকের পর স্থানীয় সরকার নির্বাচনের তফসিল চূড়ান্ত করা হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নির্বাচন কমিশন স্থানীয় সরকার নির্বাচনের যে সম্ভাব্য সময়সূচি দিয়েছে, সেটি এখনো চূড়ান্ত নয়। আন্তঃমন্ত্রণালয় সভায় সংশ্লিষ্ট সচিবদের মতামত নেওয়ার পর সেই তথ্যের ভিত্তিতে নির্বাচনের পরবর্তী সূচি নির্ধারণ করা হবে।

তিনি জানান, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের সঙ্গে সমন্বয়ের বিষয়টি গুরুত্বপূর্ণ। নির্বাচন কমিশনের দেওয়া সম্ভাব্য পরিকল্পনার ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোর প্রস্তুতি ও সক্ষমতার বিষয়গুলো বিবেচনা করা হবে।

মানবতাবিরোধী অপরাধের মামলায় সাতজনের মৃত্যুদণ্ডের রায়ের বিষয়েও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, এই রায়ের মধ্য দিয়ে দেশের মানুষ সুবিচার পেয়েছে। একই সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের গুলশানে মিছিলের ঘটনায় সরকার ব্যবস্থা নিয়েছে বলেও জানান তিনি।

রাজধানীর যানজট প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, একদিনে এ সমস্যার সমাধান করা সম্ভব নয়। যানজট নিরসনে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সেবা সংস্থার মধ্যে সমন্বয়ের কাজ শুরু হয়েছে। এর অংশ হিসেবে বাসস্ট্যান্ড সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অটোরিকশা বন্ধের বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার অটোরিকশা বন্ধের পক্ষে নয়। তবে অটোরিকশার দৌরাত্ম্য নিয়ন্ত্রণে আনতে অবৈধ বিদ্যুৎ চার্জিং পয়েন্টের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে। এসব অবৈধ চার্জিং পয়েন্টের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার কার্যক্রমও চলমান রয়েছে বলে জানান তিনি।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ