জুলাইয়ে ভারত থেকে আসছে নতুন রেল কোচ, আবারও আমদানি শুরু করছে বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ২৪ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
নিউজ বাংলা ডেস্ক :
বাংলাদেশে আবারও ভারত থেকে রেল কোচ আমদানি শুরু হতে যাচ্ছে। আগামী জুলাই মাসে প্রায় ২০টি যাত্রীবাহী রেল কোচের একটি চালান রপ্তানির জন্য প্রস্তুত করা হচ্ছে বলে জানিয়েছেন ভারতীয় কর্মকর্তারা।
বুধবার ভারতীয় সংবাদমাধ্যম ইকোনমিক টাইমস এর এক প্রতিবেদনে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতাচ্যুত হওয়ার পর এটিই হবে বাংলাদেশে ভারতের প্রথম রেল কোচ রপ্তানি।
এর আগে ভারত বাংলাদেশকে ১২০টি ব্রড-গেজ যাত্রীবাহী কোচ, ৩৬টি ব্রড-গেজ লোকোমোটিভ এবং ১০টি মিটার-গেজ লোকোমোটিভ সরবরাহ করেছিল।
বর্তমানে ভারতের রেল খাতের রপ্তানি সংস্থা আরআইটিইএস বাংলাদেশের জন্য ২০০টি ব্রড-গেজ যাত্রীবাহী কোচ সরবরাহের একটি চুক্তি বাস্তবায়ন করছে। এসব কোচ ভারতের পাঞ্জাবের কাপুরথালায় অবস্থিত রেল কোচ কারখানায় নির্মাণ করা হচ্ছে।
প্রতিবেদনে আরও বলা হয়, ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংক–এর অর্থায়নে ৯১৫ কোটি রুপির এই প্রকল্পটি ২০২৪ সালের মে মাসে আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে অনুমোদন পায়। এই প্রকল্পের আওতায় বাংলাদেশকে নতুন চালান সরবরাহ করবে নয়াদিল্লি।
প্রকল্পসংশ্লিষ্ট ভারতের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, নতুন চুক্তির আওতায় প্রথম রেকটি জুলাই মাসেই প্রস্তুত হবে। কোচ হস্তান্তরের সময়সূচি চূড়ান্ত করতে বাংলাদেশ কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় চলছে।
চুক্তি অনুযায়ী, কোচ সরবরাহের পাশাপাশি আরআইটিইএস নকশা সহায়তা, প্রয়োজনীয় যন্ত্রাংশ সরবরাহ এবং সংশ্লিষ্ট জনবলের প্রশিক্ষণ দেবে। পুরো প্রকল্পে ৩৬ মাসের মধ্যে সরবরাহ ও কমিশনিং সম্পন্ন করার সময়সীমা নির্ধারিত রয়েছে। এর পর থাকবে আরও ২৪ মাসের ওয়ারেন্টি সুবিধা।
আরআইটিইএসের ব্যবস্থাপনা পরিচালক রাহুল মিথাল বলেন, নতুন অর্থবছরে বাংলাদেশে রেল কোচ সরবরাহ শুরু হলে সংস্থাটির রাজস্ব আরও বাড়বে বলে তারা আশাবাদী।
এদিকে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের কারণে প্রকল্প বাস্তবায়নে কিছুটা বিলম্ব হলেও এখন পরিস্থিতি স্বাভাবিক পথে ফিরেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
আপনার মতামত লিখুন :