পঞ্চগড়ে অক্টোবরে মাসব্যাপী টাইফয়েড প্রতিরোধে টিকাদান কর্মসূচি
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ০৯ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
সাইয়্যেদ শান্ত, পঞ্চগড় প্রতিনিধি :
সারা দেশে শুরু হতে যাচ্ছে টাইফয়েড টিকাদান কার্যক্রম। জাতীয় এই ক্যাম্পেইনের আওতায় পঞ্চগড়ে ৩ লাখ ৬২ হাজার ১৭৭ জন শিশুকে সম্পূর্ণ বিনামূল্যে টাইফয়েডের টিকা দেওয়া হবে । মাসব্যাপী এ কর্মসূচি আগামী ১২ অক্টোবর থেকে শুরু হবে । মাসব্যাপী হলেও চলবে ২০ কার্যদিবস। প্রথম ১২ কার্যদিবস চলবে শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক। পরবর্তী আট কার্যদিবস শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত শিশুদের টিকা দান কার্যক্রম চলবে কমিউনিটিতে।
পঞ্চগড়ে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষ্যে বৃহস্পতিবার (৯ অক্টোবর) সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে আয়োজিত জেলা পর্যায়ের প্রেস ব্রিফিংয়ে সিভিল সার্জন ডা. মোহাম্মদ সিরাজুল ইসলাম এসব তথ্য জানান। তিনি এই কর্মসূচি সফল করতে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন।
তিনি আরো বলেন, দুষিত খাবার ও পানির মাধ্যমে টাইফয়েড রোগের জীবাণু ছড়ায় এবং সঠিক সময়ে রোগ নির্ণয় ও চিকিৎসা না হলে এটি মারাত্মক আকার ধারণ করে। এজন্য টাইফয়েড প্রতিরোধে টিকা গ্রহণ অত্যন্ত জরুরি। এই টিকা সম্পর্কে সঠিক তথ্য শিক্ষার্থীসহ সকলের নিকট পৌঁছে দিতে গণমাধ্যমকর্মীরা কার্যকর ভূমিকা পালন করতে পারে।
তিনি টিকা সম্পর্কে অপতথ্য প্রচার ও গুজব প্রসঙ্গে বলেন, টিকা নিয়ে অনেক অপতথ্য প্রচার ও গুজব ছড়াচ্ছে। এসব অপতথ্য প্রচার ও গুজব প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে। এজন্য গণমাধ্যমকর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। এ কর্মসূচি সফল করতে তিনি গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন।
তিনি বলেন, জেলার এক হাজার ৮৪৮ টি শিক্ষা প্রতিষ্ঠানে দুই লাখ ৪৭ হাজার ২৫০ জনকে এবং শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত এক লাখ ১৪ হাজার ৯২৭ জনকে এক হাজার ৬২ টি কেন্দ্রে টাইফয়েড টিকা প্রদান করা হবে। জেলা সিভিলে সার্জন অফিস আয়োজিত প্রেসব্রিফিংয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইমুনাইজেশন মেডিকেল অফিসার ডা. সিফাত জাহান, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. সাফাত বিন শাহ, জেলা ইপিআই সুপারভাইজার হাসিবুর রহমান লাবুসহ জেলায় কর্মরত ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইনের অর্ধশত প্রতিনিধি উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :