নকআউটের অঙ্কে জ্বলছে মেসি–রোনালদো দ্বৈরথের সম্ভাবনা


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ২৫ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

খেলাধুলা ডেস্ক :

বিশ্ব ফুটবলের দুই জীবন্ত কিংবদন্তি লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো- সম্ভবত ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ খেলতে যাচ্ছেন ২০২৬ আসরে। সেই সম্ভাবনাই ফুটবলভক্তদের উত্তেজনা নতুন মাত্রায় নিয়ে গেছে। নকআউট পর্বে এই দুই মহাতারকার মুখোমুখি লড়াই দেখার স্বপ্ন দেখছেন কোটি কোটি সমর্থক।

মঙ্গলবার (২৩ জুন) রাতে উজবেকিস্তানের বিপক্ষে ৫–০ গোলের বড় জয়ে পর্তুগালের হয়ে জোড়া গোল করেন রোনালদো। এই পারফরম্যান্সে আবারও আলোচনায় এসেছে বহুল প্রতীক্ষিত মেসি–রোনালদো দ্বৈরথ। প্রশ্ন একটাই- নকআউট পর্বে কি সত্যিই একে অপরের মুখোমুখি হতে পারেন তারা?

বর্তমানে গ্রুপ ‘জে’ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্ব নিশ্চিত করেছে আর্জেন্টিনা। অন্যদিকে, গ্রুপ ‘কে’-তে দ্বিতীয় স্থানে রয়েছে পর্তুগাল। গ্রুপসেরা হতে হলে শেষ ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে জয় পেতেই হবে রোনালদোদের।

নকআউট সূচি অনুযায়ী, পর্তুগাল যদি গ্রুপ ‘কে’ এর শীর্ষস্থান দখল করে, তাহলে তারা খেলবে ম্যাচ নম্বর ৮৭-তে। আর্জেন্টিনা গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে রাউন্ড অব ৩২-এর ম্যাচ নম্বর ৮৬-তে মাঠে নামবে। এরপর দুই দলই নিজেদের পরবর্তী ম্যাচগুলো জিততে পারলে কোয়ার্টার ফাইনালের ম্যাচ নম্বর ১০০-তে তাদের মুখোমুখি হওয়ার সম্ভাবনা তৈরি হবে। ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা কানসাস সিটিতে।

তবে কলম্বিয়ার বিপক্ষে জয় না পেলে এবং গ্রুপ রানার্সআপ হিসেবে নকআউটে উঠলে পর্তুগালের পথ বদলে যাবে। সেক্ষেত্রে আর্জেন্টিনার সঙ্গে সম্ভাব্য দেখা হতে পারে সেমিফাইনাল বা এমনকি ফাইনালেও।

সব মিলিয়ে, ২০২৬ বিশ্বকাপ শুধু শিরোপার লড়াই নয়- মেসি ও রোনালদোর সম্ভাব্য শেষ মহারণের অপেক্ষায়ও তাকিয়ে আছে গোটা ফুটবল বিশ্ব।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ