উষ্ণ অভ্যর্থনার জন্য মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ২৩ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
নিউজ বাংলা ডেস্ক :
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও তাঁর সহধর্মিণী ড. ওয়ান আজিজাহ বিনতি ওয়ান ইসমাইল-এর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। উষ্ণ অভ্যর্থনা ও আতিথেয়তার জন্য ধন্যবাদ জানিয়ে মঙ্গলবার (২৩ জুন) নিজের ভ্যারিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দেন তিনি।
পোস্টে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমানসহ তিনি মালয়েশিয়ায় যে আন্তরিকতা ও সৌহার্দ্য পেয়েছেন, তাতে তারা গভীরভাবে মুগ্ধ। মালয়েশিয়ার সরকার ও জনগণের বন্ধুত্বপূর্ণ আচরণ এবং শুভেচ্ছাকে তিনি দুই দেশের সম্পর্কের শক্ত ভিত্তির প্রতিফলন হিসেবে উল্লেখ করেন।
তিনি আরও জানান, প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তার আলোচনায় বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার দীর্ঘদিনের বন্ধন নতুন করে দৃঢ় হয়েছে। এই সম্পর্ক কেবল সহযোগিতা বা সমৃদ্ধির মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং আঞ্চলিক অগ্রগতির জন্য একটি যৌথ অঙ্গীকারের বহিঃপ্রকাশ।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, তাঁর বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া-এর সময় থেকেই মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বিশেষ গুরুত্ব বহন করে আসছে। সেই ধারাবাহিকতার কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি মালয়েশিয়ার মহামান্য রাজা সুলতান ইব্রাহিম ইবনে সুলতান ইস্কান্দার-এর সঙ্গেও সাক্ষাৎ ও উষ্ণতার জন্য কৃতজ্ঞতা জানান।
প্রধানমন্ত্রী হিসেবে প্রথম রাষ্ট্রীয় সফরের পর মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যাশার কথাও জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।
আপনার মতামত লিখুন :