হোসেনপুরে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষাকেন্দ্র কমিটি গঠনে অনিয়মের অভিযোগ, পুনর্গঠনের দাবি
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
মো: মানসুরুল হক রবিন, হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি :
কিশোরগঞ্জের হোসেনপুরে সরকারি মডেল পাইলট স্কুল এন্ড কলেজের এসএসসি (ভোকেশনাল) পরীক্ষা ২০২৬-এর কেন্দ্র পরিচালনা কমিটি গঠনে গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড–এর নির্ধারিত নীতিমালা উপেক্ষা করে জ্যেষ্ঠ শিক্ষকদের বাদ দিয়ে জুনিয়র শিক্ষকদের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। এতে স্থানীয় শিক্ষা সংশ্লিষ্ট মহলে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, কারিগরি শিক্ষা বোর্ডের পক্ষ থেকে গত ৫ এপ্রিল ২০২৬ তারিখে প্রকাশিত ‘পরীক্ষা পরিচালনা নির্দেশিকা’-তে কেন্দ্র কমিটি গঠনের বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। সেখানে সিনিয়র ট্রেড ইনস্ট্রাক্টরদের অগ্রাধিকার দেওয়ার কথা বলা হলেও হোসেনপুরের এই প্রতিষ্ঠানে তা মানা হয়নি। বরং রহস্যজনকভাবে একজন জুনিয়র সহকারী শিক্ষক (ট্রেড) এবং একজন জুনিয়র সহকারী শিক্ষক (গণিত)-কে কমিটির গুরুত্বপূর্ণ পদে অন্তর্ভুক্ত করা হয়েছে।
বোর্ডের নির্দেশিকা অনুযায়ী, কেন্দ্র পরিচালনা কমিটি হবে চার সদস্যবিশিষ্ট। কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন উপজেলা নির্বাহী অফিসার। সদস্য হিসেবে থাকবেন কেন্দ্রাধীন সব শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এবং একজন প্রথম শ্রেণীর কর্মকর্তা। তবে অভিযোগ উঠেছে, অভ্যন্তরীণ সুবিধা বা বিশেষ কাউকে সুবিধা দেওয়ার উদ্দেশ্যে জ্যেষ্ঠতা লঙ্ঘন করে এই কমিটি গঠন করা হয়েছে।
ভুক্তভোগী ও সংশ্লিষ্ট সিনিয়র শিক্ষকদের আশঙ্কা, নিয়মবহির্ভূতভাবে জুনিয়রদের হাতে পরীক্ষার দায়িত্ব দিলে পরীক্ষার স্বচ্ছতা ও সুষ্ঠু পরিবেশ ব্যাহত হতে পারে। নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষক বলেন, “বোর্ডের স্পষ্ট নীতিমালা থাকার পরও কেন সিনিয়রদের এড়িয়ে জুনিয়রদের রাখা হলো, সেটি খতিয়ে দেখা জরুরি।”
এ বিষয়ে কেন্দ্র কমিটির চেয়ারম্যান ও স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলে তারা জানান, লিখিত অভিযোগ পেলে বিষয়টি যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বোর্ডের নির্দেশনার বাইরে গিয়ে কোনো কমিটি গঠনের সুযোগ নেই বলেও তারা উল্লেখ করেন।
উল্লেখ্য, ২০২৬ সালের এসএসসি ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে গত ৫ এপ্রিল বোর্ড থেকে বিস্তারিত নির্দেশিকা প্রকাশ করা হয়। সেখানে ফরম পূরণ থেকে শুরু করে কেন্দ্র কমিটির গঠন পর্যন্ত সব ক্ষেত্রে নীতিমালা কঠোরভাবে অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছিল। এই প্রেক্ষাপটে হোসেনপুরের বিতর্কিত কেন্দ্র কমিটি দ্রুত পুনর্গঠনের দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট শিক্ষক ও অভিভাবকরা।
আপনার মতামত লিখুন :