আমাদের সংসদ অধিবেশন দেখে জাতি অনেকটা আশ্বস্ত হবে : স্বরাষ্ট্রমন্ত্রী


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ০৮ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

অনলাইন ডেস্ক :

স্বরাষ্ট্রমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ভবিষ্যৎ সংসদ অধিবেশন দেখে জাতি অনেকটাই আশ্বস্ত হবে বলে তিনি আশা করেন। তিনি বলেন, এমন একটি সংসদই দেশের মানুষ দীর্ঘদিন ধরে দেখতে চেয়েছিল।

শনিবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে সংসদ সদস্যদের প্রশিক্ষণ কর্মশালার শেষ দিনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, অতীতে সংসদে যেসব নেতিবাচকতা সৃষ্টি হয়েছিল, সেগুলো মানুষের মন থেকে মুছে দিতে চায় সরকার ও দল। একটি কার্যকর ও ইতিবাচক সংসদীয় সংস্কৃতি গড়ে তোলাই তাদের লক্ষ্য।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, কর্মশালায় সংসদের রুলস অব প্রসিডিউর, পার্লামেন্টারি প্র্যাকটিস অ্যান্ড কনফ্লিক্ট অব ইন্টারেস্টসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। এছাড়া সংসদের রীতিনীতি, রেওয়াজ ও কার্যপ্রণালী নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়েছে, যাতে সংসদ সদস্যরা এসব বিষয়ে ভালোভাবে অবগত হতে পারেন। বিশেষ করে সংবিধান, রুলস অব প্রসিডিউর এবং কাস্টমস কনভেনশন অব দ্য হাউস নিয়ে গুরুত্ব দিয়ে আলোচনা করা হয়েছে। পাশাপাশি যেসব দেশে শক্তিশালী গণতন্ত্রের চর্চা রয়েছে, সেসব দেশের সংসদীয় কার্যক্রম নিয়েও কর্মশালায় ধারণা দেওয়া হয়েছে।

নতুন সংসদ সদস্যদের প্রসঙ্গে তিনি বলেন, যারা প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তারা নতুন যাত্রা শুরু করবেন এবং শেখার সুযোগ পাবেন। তাদের মধ্যে কোনো খারাপ সংস্কৃতি না থাকলে তারা ইতিবাচক শিক্ষা গ্রহণ করতে পারবেন।

তিনি বলেন, একটি শিশু জন্মের পর যেমন সতেজ সংস্কৃতি শিখে, ঠিক তেমনভাবেই নবীন সংসদ সদস্যদেরও ইতিবাচক সংসদীয় সংস্কৃতিতে প্রস্তুত করার চেষ্টা করা হচ্ছে।”

স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, নতুন সংসদ সদস্যদের জনপ্রত্যাশা পূরণে কাজ করার লক্ষ্যেই এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।

প্রথমবার নির্বাচিত বিএনপির সংসদ সদস্যদের জন্য সংসদীয় কার্যক্রম, বিধি-বিধান ও সংসদীয় আচরণ বিষয়ে এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে। দুই দিনব্যাপী এই কর্মশালার শনিবার শেষ দিনের কার্যক্রম অনুষ্ঠিত হয়।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনকে সামনে রেখে নবনির্বাচিত জনপ্রতিনিধি ও মন্ত্রীদের জন্য এই প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ