জনতার চেয়ারম্যান হিসেবে নাসির মিয়াকেই চাইছে দক্ষিণ বড়দল
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ২৪ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
মো: বাবুল মিয়া, স্টাফ রিপোর্টার :
‘জনতার সেবক’ হিসেবে পরিচিত মো. নাসির মিয়াকে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দেখতে চান তাহিরপুর উপজেলার ৩ নম্বর দক্ষিণ বড়দল ইউনিয়নের সর্বস্তরের মানুষ। রাজনীতির গণ্ডি ছাড়িয়ে দীর্ঘদিনের মানবিক কর্মকাণ্ডে তিনি ইতোমধ্যেই ইউনিয়নজুড়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন।
৩ নম্বর দক্ষিণ বড়দল ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সাধারণ সম্পাদক নাসির মিয়া নীরবে-নিভৃতে কাজ করে যাচ্ছেন অসহায় ও দরিদ্র মানুষের জন্য। তার পরিচ্ছন্ন ভাবমূর্তি, ধারাবাহিক সমাজসেবা ও ব্যক্তিগত উদ্যোগে নেওয়া নানা কার্যক্রম তাকে মানুষের আস্থার জায়গায় পৌঁছে দিয়েছে।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, প্রতি বছর শতাধিক গর্ভবতী দরিদ্র নারী পান তার মাতৃত্বকালীন সহায়তা। চিকিৎসার অভাবে ভোগা দুই শতাধিক অসহায় রোগী পেয়েছেন আর্থিক সহযোগিতা। পাশাপাশি গরিব মেধাবী শিক্ষার্থীদের পড়ালেখার খরচ বহন, শিক্ষিত বেকারদের কর্মসংস্থান এবং নিজ প্রতিষ্ঠানে চাকরির সুযোগ করে দেওয়ার উদাহরণও রয়েছে তার নামে।
শীত মৌসুমে কম্বল বিতরণ, ঈদে নতুন পোশাক, বন্যায় ত্রাণ বিতরণে নাসির মিয়াকে সবসময় দেখা গেছে সবার আগে। তরুণ সমাজকে মাদক ও জুয়ার ভয়াবহতা থেকে রক্ষায় তিনি নিয়মিত সচেতনতামূলক কার্যক্রমও পরিচালনা করে আসছেন।
ইউনিয়নের বাসিন্দা আব্দুল করিম বলেন, বিপদে-আপদে নাসির ভাইকে সবসময় পাশে পাই। উনি চেয়ারম্যান হলে সাধারণ মানুষের কষ্ট আরও কমবে।
এ বিষয়ে মো. নাসির মিয়া বলেন, জনগণের ভালোবাসাই আমার সবচেয়ে বড় শক্তি। পদ-পদবির জন্য নয়, মানুষের সেবা করতেই রাজনীতিতে এসেছি। এলাকাবাসী চাইলে আগামী নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হব। নির্বাচিত হলে দক্ষিণ বড়দলকে সন্ত্রাস, মাদক ও দুর্নীতিমুক্ত একটি মডেল ইউনিয়নে রূপ দিতে কাজ করব।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ বড়দলের হাট-বাজার, চায়ের দোকান থেকে শুরু করে পাড়া-মহল্লা সর্বত্র এখন একটাই আলোচনা- নাসির মিয়াই হোক জনতার চেয়ারম্যান। ভোটারদের প্রত্যাশা, একজন পরীক্ষিত সমাজসেবক হিসেবেই তিনিই পারবেন ইউনিয়নের কাঙ্ক্ষিত উন্নয়ন নিশ্চিত করতে।
আপনার মতামত লিখুন :