ডেঙ্গু নিয়ন্ত্রণে আগামী তিন মাস সর্বোচ্চ চেষ্টা করবে সরকার : প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ১২ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
নিউজ বাংলা ডেস্ক :
ডেঙ্গু প্রতিরোধ এবং দেশকে পরিচ্ছন্ন রাখতে সারাদেশের মানুষের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশের পরিবর্তন আনতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সম্মিলিতভাবে দেশ গঠনে এগিয়ে এলে কোনো বাধাই সেই অগ্রযাত্রা ঠেকিয়ে রাখতে পারবে না।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধনকালে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
তারেক রহমান বলেন, আগামী তিন মাস ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা করবে। শতভাগ সমাধান সম্ভব না হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর সব ধরনের উদ্যোগ নেওয়া হবে।
প্রধানমন্ত্রী বলেন, ‘নিজেকে সুস্থ রাখি, সমাজকে সুস্থ রাখি।’ প্রত্যেক নাগরিক যদি প্রতি সপ্তাহে অন্তত এক ঘণ্টা পরিচ্ছন্নতার জন্য সময় দেন, তাহলে দেশের বর্তমান পরিস্থিতিতে দৃশ্যমান পরিবর্তন আনা সম্ভব হবে।
যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলার আহ্বান জানিয়ে তিনি বলেন, পরিচ্ছন্ন দেশ গড়ার দায়িত্ব শুধু সরকারের নয়, প্রত্যেক নাগরিকেরও রয়েছে। নিজ নিজ জায়গা থেকে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
দেশ পরিবর্তনের প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট দেশের মানুষ দেখিয়ে দিয়েছে পরিবর্তন সম্ভব। এবার রাষ্ট্রকে পরিবর্তন করার সময় এসেছে।
তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধ শুধু সরকারি উদ্যোগের মাধ্যমে সম্ভব নয়। এ জন্য জনগণের সচেতনতা, সহযোগিতা ও সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। বাড়ির আশপাশ, শিক্ষাপ্রতিষ্ঠান, কর্মস্থল ও জনসমাগমস্থল পরিষ্কার রাখার পাশাপাশি মশার প্রজননস্থল ধ্বংসে সবাইকে এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে প্রধানমন্ত্রী বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং সেখানে উপস্থিত সাধারণ মানুষের সঙ্গে করমর্দন করেন।
উল্লেখ্য, ১২ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান চলবে আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত। তিন মাসব্যাপী এ কর্মসূচির মাধ্যমে ডেঙ্গু নিয়ন্ত্রণের পাশাপাশি পরিচ্ছন্নতা বিষয়ে জনসচেতনতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
আপনার মতামত লিখুন :