মুক্তিযুদ্ধে শহীদদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নে কাজ চলছে : প্রধানমন্ত্রী তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ১৫ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
নিউজ বাংলা ডেস্ক :
মুক্তিযুদ্ধে শহীদদের একটি পূর্ণাঙ্গ ও নির্ভুল তালিকা প্রণয়নে কর্মপরিকল্পনা তৈরি এবং প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (১৫ জুলাই) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনে সংসদ সদস্য মো. রুহুল আমীন দুলালের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। বিকেল ৩টায় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাসের সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়।
প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য মো. রুহুল আমীন দুলাল জানতে চান, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে শহীদ এবং গণহত্যার শিকার ব্যক্তিদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়ন ও শহীদ পরিবারের সঠিক সংখ্যা নির্ধারণে সরকারের কোনো পরিকল্পনা রয়েছে কি না।
জবাবে প্রধানমন্ত্রী বলেন, মহান মুক্তিযুদ্ধে অগণিত মানুষ গণহত্যার শিকার হলেও স্বাধীনতার এত বছর পরও তাদের একটি সঠিক ও পূর্ণাঙ্গ তালিকা প্রণয়ন সম্ভব হয়নি। অথচ তাদের আত্মত্যাগের বিনিময়েই দেশ স্বাধীনতা অর্জন করেছে।
তিনি জানান, বিষয়টির গুরুত্ব বিবেচনায় বর্তমান সরকার নির্বাচনী ইশতেহারে নিবিড় গবেষণার ভিত্তিতে মুক্তিযুদ্ধে শহীদদের একটি পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের অঙ্গীকার করেছে। সেই অঙ্গীকার বাস্তবায়নে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় ইতোমধ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে।
প্রধানমন্ত্রী জানান, এসব উদ্যোগের মধ্যে রয়েছে মুক্তিযুদ্ধবিষয়ক গবেষকদের নিয়ে বিশেষজ্ঞ সভা আয়োজন, সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে ধারাবাহিক আলোচনা এবং একটি বিস্তারিত ও বাস্তবসম্মত কর্মপরিকল্পনা প্রণয়ন।
তিনি আশা প্রকাশ করেন, এসব উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে গণহত্যার শিকার ব্যক্তি ও মুক্তিযুদ্ধের সব শহীদের একটি নির্ভুল, গ্রহণযোগ্য ও পূর্ণাঙ্গ তালিকা প্রণয়ন সম্ভব হবে এবং তাদের আত্মত্যাগের যথাযথ স্বীকৃতি ও মর্যাদা নিশ্চিত করা যাবে।
আপনার মতামত লিখুন :