পাবনার সাঁথিয়ায় কেমিক্যাল মিশিয়ে ভেজাল দুধ তৈরি, ফার্ম মালিককে জরিমানা
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ০৮ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
মো: ইমরান হোসেন, পাবনা সদর প্রতিনিধি :
পাবনার সাঁথিয়ায় দুধের ঘনত্ব ও পরিমাণ বাড়াতে জেলিজাতীয় পদার্থ এবং দীর্ঘসময় তাজা রাখতে ক্ষতিকর রাসায়নিক মেশানোর অভিযোগে ‘জুই ডেইরি ফার্ম’ নামের একটি প্রতিষ্ঠান সিলগালা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ ঘটনায় প্রতিষ্ঠানটির মালিককে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (৬ সেপ্টেম্বর) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নাগডেমড়া এলাকায় অবস্থিত জুই ডেইরি ফার্মে অভিযান চালায় পাবনা জেলা ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযান পরিচালনা করেন সংস্থাটির সহকারী পরিচালক মো. মাহমুদ হাসান রনি।
অভিযানকালে প্রতিষ্ঠানটি থেকে প্রায় ২ হাজার ৫০০ লিটার ভেজাল দুধ এবং দুই ব্যারেল ক্ষতিকর জেলিজাতীয় পদার্থ উদ্ধার করা হয়। পরে উদ্ধার করা ভেজাল দুধ ও জেলি ঘটনাস্থলেই বিনষ্ট করা হয়।
ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মাহমুদ হাসান রনি জানান, ফার্মটিতে দুধের পরিমাণ ও ঘনত্ব কৃত্রিমভাবে বাড়ানোর জন্য জেলিজাতীয় পদার্থ মেশানো হচ্ছিল। পাশাপাশি দুধ দীর্ঘসময় তাজা রাখার জন্য ক্ষতিকর হাইড্রোজেন পার-অক্সাইড ব্যবহার করা হচ্ছিল।
এসব অনিয়ম ও ভেজাল তৈরির অপরাধে ফার্মটির মালিক মো. মানিককে দুই লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানটি সাময়িকভাবে সিলগালা করে দেওয়া হয়েছে।
অভিযানে জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. মাহমুদ আলম এবং আনসার ব্যাটালিয়নের একটি দল সহযোগিতা করে।
বিশেষজ্ঞদের মতে, দুধে অননুমোদিত জেলিজাতীয় পদার্থ ও হাইড্রোজেন পার-অক্সাইডের মতো রাসায়নিক মেশানো স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে। বিশেষ করে শিশুদের জন্য এ ধরনের ভেজাল দুধ ঝুঁকিপূর্ণ। দীর্ঘদিন এ ধরনের দুধ সেবনে পরিপাকতন্ত্রের সমস্যা এবং শরীরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গের ওপর ক্ষতিকর প্রভাব পড়তে পারে।
ভোক্তা অধিকার সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
আপনার মতামত লিখুন :