ভেনিসে বাংলাদেশি ভক্তের ভালোবাসায় অভিভূত সুনেরাহ্
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ১২ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
বিনোদন ডেস্ক :
প্রথমবারের মতো ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিয়েছেন অভিনেত্রী সুনেরাহ্ বিনতে কামাল। রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমায় অতিথি চরিত্রে অভিনয় করে এবারের উৎসবে অংশ নেন তিনি। আন্তর্জাতিক এই চলচ্চিত্র উৎসবে গিয়ে বাংলাদেশের সিনেমা ও সংস্কৃতিকে তুলে ধরার পাশাপাশি বেশ কিছু স্মরণীয় অভিজ্ঞতার মুখোমুখিও হয়েছেন এই অভিনেত্রী।
গত ৫ আগস্ট ভেনিস চলচ্চিত্র উৎসবে অংশ নিতে ইতালির ভেনিস বিমানবন্দরে পৌঁছান সুনেরাহ্। পরদিন ছিল ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’-এর প্রদর্শনী। দীর্ঘ ভ্রমণের ক্লান্তি কাটাতে বিমানবন্দরে বসে কফি ও অন্যান্য খাবার খাচ্ছিলেন তিনি। তবে খাবারের বিল দিতে গিয়ে ঘটে যায় অপ্রত্যাশিত এক ঘটনা।
সেই অভিজ্ঞতা জানিয়ে সুনেরাহ্ বলেন, ‘আমি কফিসহ আরও কিছু খেয়ে স্বাভাবিকভাবেই বিল দিতে যাচ্ছিলাম। হঠাৎ দেখি, বিল নিচ্ছেন না। তাঁদের কথায় বুঝতে পারলাম, বিল লাগবে না। আমি তো অবাক হয়ে গেলাম, কেন বিল লাগবে না! পরে সেখানকার একজন বলছিলেন, “আমি আপনাকে চিনি। আপনার অভিনীত নাটক ও সিনেমা দেখেছি। আমিও বাংলাদেশি। এই বিলটা আপনি না দিলেই আমি খুশি হব।”’
শেষ পর্যন্ত ওই ব্যক্তি ও তাঁর সহকর্মীরা সুনেরাহ্’র কাছ থেকে বিল নেননি। ঘটনাটি অভিনেত্রীর মনে গভীরভাবে ছাপ ফেলেছে। তিনি বলেন, ‘পরে তাঁরা বিল নিলেন না। এ ঘটনায় আমি আসলে অভিভূত। আমি সম্মানিত বোধ করেছি।’
এবারের ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব বাংলাদেশের চলচ্চিত্রের জন্যও বিশেষ গুরুত্ব বহন করছে। প্রথমবারের মতো উৎসবটির প্রতিযোগিতামূলক বিভাগে জায়গা করে নিয়েছে বাংলাদেশের কোনো পূর্ণদৈর্ঘ্য সিনেমা। উৎসবের মর্যাদাপূর্ণ অরিজোন্তি বিভাগে ৬ সেপ্টেম্বর প্রিমিয়ার হয় ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’-এর।
বিয়ে, সাজসজ্জা ও একটি সৌন্দর্যচর্চাকেন্দ্রকে ঘিরে নির্মিত হয়েছে মনস্তাত্ত্বিক ভৌতিক ঘরানার সিনেমাটি। বিয়ের সাজের প্রস্তুতি নিতে নিতে সৌন্দর্য, শরীর, বিশ্বাস, স্মৃতি ও ভয়কে ঘিরে এক অস্বস্তিকর ও রহস্যময় জগতের সঙ্গে জড়িয়ে পড়ে সিনেমার কেন্দ্রীয় চরিত্র। সামাজিক বাস্তবতার সঙ্গে ভৌতিক আবহের মিশেলে নির্মিত হয়েছে সিনেমাটির গল্প।
প্রিমিয়ারে নিজের উপস্থিতি নিয়েও বেশ আনন্দিত সুনেরাহ্। সিনেমায় তাঁর উপস্থিতি তুলনামূলকভাবে কম সময়ের হলেও দর্শকেরা তাঁর চরিত্রটি মনে রেখেছেন বলে জানান তিনি।
সুনেরাহ্ বলেন, ‘আমার তো সিনেমায় উপস্থিতি কিছুটা কম সময়ের। এই অংশটুকুও দেখি অনেক দর্শক মনে রেখেছেন। প্রিমিয়ারের পর সবাই আমাকে সেই চরিত্রের কথা বলে ডাকছেন। এটাও আমাকে বেশ অবাক করেছে।’
ভেনিসে শুধু সিনেমায় অংশ নেওয়াই নয়, বাংলাদেশের সংস্কৃতিকেও তুলে ধরার চেষ্টা করেছেন সুনেরাহ্। সেই ভাবনা থেকেই উৎসবের বিভিন্ন আয়োজনে তাঁর পোশাকের নকশায় ছিল দেশীয় ছোঁয়া। বিদেশের মাটিতে সেই পোশাকও প্রশংসা কুড়িয়েছে বলে জানান তিনি।
সমাপনী দিনে ১২ সেপ্টেম্বর ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’-এর শেষ আয়োজনেও উপস্থিত থাকবেন সুনেরাহ্। এরপর তাঁর দেশে ফেরার কথা রয়েছে।
‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ পরিচালনা করেছেন রুবাইয়াত হোসেন। সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন জাইনীন করিম চৌধুরী। এতে আরও অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন, রিকিতা নন্দিনী শিমু, শতাব্দী ওয়াদুদ, সাবেরী আলম ও মোহাম্মদ বারী।
আপনার মতামত লিখুন :