যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন, সার্জেন্ট নাজিম উদ্দিনের এক বছরের কারাদণ্ড


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ২১ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

চট্টগ্রাম সংবাদদাতা :

যৌতুকের দাবিতে স্ত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতনের মামলায় সার্জেন্ট মো. নাজিম উদ্দিনকে এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।

সোমবার (২০ এপ্রিল) দুপুরে চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মোস্তাক আহমেদ এ রায় ঘোষণা করেন।

ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি আলমগীর মোহাম্মদ ইউনুছ জানান, যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ প্রমাণিত হওয়ায় ৯ জন সাক্ষীর সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আদালত এই দণ্ড দেন। রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে আপিলের শর্তে তাকে জামিন দেওয়া হয়।

আদালত সূত্রে জানা যায়, ২০০৪ সালে ভুক্তভোগী নারীর সঙ্গে মো. নাজিম উদ্দিনের বিয়ে হয়। নাজিম উদ্দিনের বাড়ি চট্টগ্রামের পটিয়া উপজেলায় এবং ভুক্তভোগী নারীর বাড়ি লালমনিরহাট জেলায়। তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। মামলার পর স্বামী-স্ত্রীর মধ্যে বিচ্ছেদ হয়ে যায়।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, ২০২০ সালের মার্চ মাসে নিজের নামে একটি ফ্ল্যাট কেনার উদ্দেশ্যে নাজিম উদ্দিন স্ত্রীর কাছে ১০ লাখ টাকা যৌতুক দাবি করেন। ওই টাকা আনার জন্য তিনি দীর্ঘদিন ধরে স্ত্রীকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করেন।

সবশেষ ২০২০ সালের ১৪ জুন সন্ধ্যায় টাকা দিতে অস্বীকৃতি জানালে ভুক্তভোগী নারীকে মারধর করা হয় এবং গলা চেপে হত্যার চেষ্টা করা হয় বলে অভিযোগে উল্লেখ রয়েছে। ঘটনার পর ভুক্তভোগী নারী আদালতে মামলা দায়েরের আবেদন করলে আদালতের নির্দেশে চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানায় ২০২০ সালের ১৭ আগস্ট মামলাটি রেকর্ড করা হয়।

মামলার তদন্ত শেষে অভিযোগপত্র দাখিল করা হলে ২০২১ সালের ২৭ সেপ্টেম্বর অভিযোগ গঠনের মাধ্যমে বিচার কার্যক্রম শুরু হয়। সাক্ষ্যগ্রহণ শেষে সোমবার আদালত এ রায় ঘোষণা করেন।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ