মধ্যনগরে দুর্নীতিবিরোধী বিতর্কে চ্যাম্পিয়ন বিশ্বেশ্বরী, শ্রেষ্ঠ বক্তা সিমরা


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ১১ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

সাইদুর রহমান জিয়া, মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি :

দুর্নীতিমুক্ত সমাজ গঠনে আইনের শাসনের গুরুত্ব ও দুর্নীতিবিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সুনামগঞ্জের মধ্যনগরে অনুষ্ঠিত হয়েছে ‘দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা-২০২৬’। প্রতিযোগিতায় ‘আইনের শাসনের অভাবই দুর্নীতি বিস্তারের মূল কারণ’ বিষয়ে যুক্তিতর্ক উপস্থাপন করে চ্যাম্পিয়ন হয়েছে মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজ। রানার্সআপ হয়েছে একতা উচ্চ বিদ্যালয়। আর অসাধারণ যুক্তি ও বক্তব্য উপস্থাপনের জন্য শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছে বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজের অষ্টম শ্রেণির ছাত্রী সিমরা নিবরাস জারা।

মঙ্গলবার (১১ আগস্ট) সকাল ১১টায় মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজের মিলনায়তনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও প্রতিষ্ঠানটির অধ্যক্ষ বিজন কুমার তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা ও সঞ্চালনা করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আব্দুল কাদির।

দুর্নীতি দমন কমিশন (দুদক), সমন্বিত জেলা কার্যালয়, সিলেটের সহযোগিতায় এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধ্যনগর উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনি রায়। বক্তব্যে তিনি বলেন, “দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে হলে তরুণ প্রজন্মকে সৎ, দেশপ্রেমিক ও নীতিবান নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। সমাজে দুর্নীতির বিস্তার রোধে কেবল আইন দিয়ে নয়, সর্বস্তরের মানুষের সচেতনতা বৃদ্ধি এবং আইনি ব্যবস্থার কঠোর প্রয়োগ সমানভাবে জরুরি।”

প্রতিযোগিতায় অংশ নেওয়া বিতার্কিকরা বিষয়ের পক্ষে ও বিপক্ষে তাত্ত্বিক, তথ্যভিত্তিক ও বস্তুনিষ্ঠ যুক্তি উপস্থাপন করেন। তাদের তথ্যসমৃদ্ধ বক্তব্য, যুক্তির ধারাবাহিকতা ও গঠনমূলক উপস্থাপনা বিচারকমণ্ডলী ও উপস্থিত দর্শকদের প্রশংসা কুড়ায়।

বিশেষ করে অসাধারণ যুক্তি ও সাবলীল বক্তব্যের জন্য বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজের অষ্টম শ্রেণির ছাত্রী সিমরা নিবরাস জারা শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী অধ্যক্ষ গোলাম জিলানী, মধ্যনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম শাহাবুদ্দিন শাহীন, উপজেলা বিএনপির আহ্বায়ক আবে হায়াত, যুগ্ম আহ্বায়ক আবুল বাসারসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা।

প্রতিযোগিতা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি এবং শ্রেষ্ঠ বক্তা সিমরা নিবরাস জারার হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মধ্যে সততা, নৈতিকতা, দায়িত্ববোধ ও দুর্নীতিবিরোধী সচেতনতা গড়ে তুলতে এ ধরনের বিতর্ক প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ