অক্টোবরে ৫ বিভাগে শিশুদের বিশেষায়িত হাসপাতাল চালু হবে : প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ১৫ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
নিউজ বাংলা ডেস্ক :
দেশের প্রত্যন্ত অঞ্চলেও মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, আগামী অক্টোবরের মধ্যেই কুমিল্লা, বরিশাল, খুলনা, রংপুর ও রাজশাহীতে শিশুদের জন্য বিশেষায়িত হাসপাতাল চালু করা হবে।
শনিবার (১৫ আগস্ট) সকালে রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস ও হাসপাতালের সম্প্রসারিত ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন শেষে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন। এ সময় তিনি চিকিৎসা কার্যক্রম পরিদর্শনের পাশাপাশি রোগীদের চিকিৎসা ও সুযোগ-সুবিধার বিষয়ে খোঁজখবর নেন।
প্রধানমন্ত্রী বলেন, স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকারের পাশাপাশি দেশের অর্থনৈতিক ও সামগ্রিক উন্নয়নের অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি। তাই দেশের সব মানুষের জন্য সহজলভ্য ও সমান স্বাস্থ্যসেবা নিশ্চিত করা জরুরি।
তিনি বলেন, উন্নত চিকিৎসাসেবা যদি কেবল বিত্তশালী মানুষের মধ্যে সীমাবদ্ধ থাকে, তাহলে সেটিকে পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা বলা যায় না। চিকিৎসকদের রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ চিকিৎসার মান আরও উন্নত করতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
চিকিৎসক, রোগী ও স্বজনদের মধ্যে পারস্পরিক আস্থা ও নিরাপত্তার পরিবেশ নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, পারস্পরিক আস্থার পরিবর্তে নিরাপত্তাহীনতার পরিবেশ তৈরি হলে সরকারের নেওয়া কোনো উদ্যোগই কাঙ্ক্ষিত ফল বয়ে আনবে না।
প্রধানমন্ত্রী আরও জানান, প্রত্যন্ত অঞ্চলের রোগীদের চিকিৎসার জন্য অতিরিক্ত অর্থ ও সময় ব্যয় করে রাজধানীতে আসার প্রয়োজন যেন না হয়, সে লক্ষ্যেও সরকার কাজ করছে। এ জন্য ই-হেলথ কার্ডের মাধ্যমে কার্যকর রেফারেল ব্যবস্থা গড়ে তোলার কাজ শুরু হয়েছে।
সরকারের লক্ষ্য দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত উন্নত ও মানসম্মত চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া উল্লেখ করে তিনি বলেন, স্বাস্থ্যসেবাকে শহরকেন্দ্রিকতা থেকে বের করে সারা দেশে ছড়িয়ে দিতে প্রয়োজনীয় উদ্যোগ অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :