এস-৪০০ ইস্যুর সমাধান না হলে এফ-৩৫ পাবে না তুরস্ক : যুক্তরাষ্ট্র
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ২৫ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
আন্তর্জাতিক ডেস্ক :
রাশিয়ার তৈরি এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে বিরোধের কারণে তুরস্ক এখনো যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমান কর্মসূচিতে পুনরায় যুক্ত হওয়ার যোগ্যতা অর্জন করতে পারেনি। মার্কিন পররাষ্ট্র দফতরের একটি চিঠির বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট।
মার্কিন কংগ্রেসে পাঠানো ওই চিঠিতে বলা হয়েছে, এফ-৩৫ কর্মসূচিতে তুরস্কের অংশগ্রহণ নিয়ে ওয়াশিংটনের নীতিতে কোনো পরিবর্তন আসেনি। যুক্তরাষ্ট্রের বিদ্যমান আইন অনুযায়ী প্রয়োজনীয় সব শর্ত পূরণ না হওয়া পর্যন্ত আঙ্কারার কাছে কোনো এফ-৩৫ যুদ্ধবিমান হস্তান্তর করা হবে না।
চিঠিটি গত বুধবার (২২ জুলাই) প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের পক্ষ থেকে কংগ্রেসে পাঠানো হয়। এটি মিসৌরির ডেমোক্র্যাট প্রতিনিধি ওয়েসলি বেলের এক চিঠির জবাবে পাঠানো হয়েছে।
মার্কিন পররাষ্ট্র দফতর জানিয়েছে, তুরস্ককে এফ-৩৫ কর্মসূচিতে ফিরতে হলে প্রথমে রাশিয়ার এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে বিরোধের সমাধান করতে হবে। এর মধ্যে রয়েছে, এস-৪০০ বা এর সংশ্লিষ্ট কোনো সরঞ্জাম না রাখা, ভবিষ্যতে এ ধরনের ব্যবস্থা আর সংগ্রহ না করার নিশ্চয়তা দেওয়া এবং যুক্তরাষ্ট্রের আইনে নির্ধারিত অন্যান্য শর্ত পূরণ করা।
চিঠিতে স্পষ্টভাবে বলা হয়েছে, "তুরস্ক এখনো এসব শর্ত পূরণ করতে পারেনি।"
এদিকে, প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বৈঠকের প্রসঙ্গ উল্লেখ করে ওয়াশিংটন জানিয়েছে, এস-৪০০ ইস্যু সমাধানে আঙ্কারার সঙ্গে আলোচনা অব্যাহত থাকবে। পাশাপাশি ন্যাটোর মধ্যে সহযোগিতা আরও জোরদারে দুই দেশ একসঙ্গে কাজ করবে।
মার্কিন পররাষ্ট্র দফতর তুরস্ককে গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার হিসেবে উল্লেখ করে বলেছে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, আজারবাইজান-আর্মেনিয়া সম্পর্ক এবং গাজা সংকটে তুরস্কের কূটনৈতিক ভূমিকা ইতিবাচক। আইএসবিরোধী অভিযান ও আঞ্চলিক সন্ত্রাসবাদ দমনেও আঙ্কারার সহযোগিতার প্রশংসা করা হয়েছে।
তবে হামাসের সঙ্গে সংশ্লিষ্ট আর্থিক কার্যক্রম নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ এখনো বহাল রয়েছে। ওয়াশিংটন জানিয়েছে, হামাসের সামরিক শাখায় অর্থায়নের সঙ্গে জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা অব্যাহত থাকবে। একই সঙ্গে তুরস্কে হামাসের অনানুষ্ঠানিক আর্থিক নেটওয়ার্কও যুক্তরাষ্ট্রের উদ্বেগের অন্যতম কারণ বলে উল্লেখ করা হয়েছে।
চিঠির শেষাংশে যুক্তরাষ্ট্র-তুরস্ক সম্পর্ক, এফ-৩৫ কর্মসূচি এবং আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে কংগ্রেসের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় বজায় রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে মার্কিন পররাষ্ট্র দফতর।
আপনার মতামত লিখুন :