ইংলিশ চ্যানেলে সন্দেহভাজন রাশিয়ান ‘শ্যাডো ফ্লিট’ ট্যাংকার জব্দ, কঠোর বার্তা যুক্তরাজ্যের
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ১৫ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
আন্তর্জাতিক ডেস্ক :
ইংলিশ চ্যানেল অতিক্রমের সময় সন্দেহভাজন রাশিয়ান ‘শ্যাডো ফ্লিট’-এর একটি তেলবাহী ট্যাংকার জব্দ করেছে যুক্তরাজ্যের সশস্ত্র বাহিনী। রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। খবর জানিয়েছে আল-জাজিরা।
স্টারমার বলেন, এই সফল অভিযান রাশিয়ার জন্য আরেকটি বড় ধাক্কা। একই সঙ্গে এটি স্পষ্ট বার্তা দিয়েছে যে, যারা ইউক্রেনে ভ্লাদিমির পুতিন-এর যুদ্ধ চালিয়ে যেতে সহায়তা করছে, তাদের আড়ালে থাকতে দেওয়া হবে না।
যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, জব্দ করা জাহাজটির নাম ‘স্মির্টোস’। ক্যামেরুনের পতাকাবাহী এই ট্যাংকারটিতে রয়্যাল মেরিন কমান্ডো ও ন্যাশনাল ক্রাইম এজেন্সি-এর কর্মকর্তারা যৌথভাবে অভিযান চালান। অভিযানে সহায়তা করে চিনুক হেলিকপ্টার, অন্যান্য সামরিক বিমান, একটি যুদ্ধজাহাজ এবং একটি মাইন অপসারণকারী জাহাজ।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, প্রায় ছয় ঘণ্টাব্যাপী অভিযান শেষে জাহাজটিকে সাময়িকভাবে ইংল্যান্ডের দক্ষিণ উপকূলের একটি নোঙরস্থলে নেওয়া হবে। সেখানে পরিবেশগত বা নিরাপত্তাজনিত কোনো ঝুঁকি রয়েছে কি না, তা পর্যবেক্ষণে রাখা হবে।
পশ্চিমা দেশগুলো দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে, রাশিয়া আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এড়াতে পুরোনো ও বিভিন্ন দেশের পতাকা ব্যবহার করা শত শত জাহাজের একটি ‘শ্যাডো ফ্লিট’ পরিচালনা করছে। ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসনের পর থেকে ফ্রান্স ও যুক্তরাজ্যের যৌথ উদ্যোগে এ ধরনের অভিযান জোরদার হয়েছে।
যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, এখন পর্যন্ত ৫০০টিরও বেশি জাহাজের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, যা রাশিয়ার জ্বালানি আয়ে উল্লেখযোগ্য প্রভাব ফেলছে। তবে এসব জাহাজ জব্দের ঘটনাকে ‘দস্যুতা’ বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
আপনার মতামত লিখুন :