হত্যাচেষ্টার অভিযোগে এমপি গাজী নজরুল ইসলামসহ ৫ জনের বিরুদ্ধে মামলা


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ২২ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

নিউজ বাংলা ডেস্ক :

অনৈতিক সম্পর্কের প্রতিবাদ এবং একটি ভিডিও ফাঁসের সন্দেহকে কেন্দ্র করে মারধর ও শ্বাসরোধে হত্যাচেষ্টার অভিযোগে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামসহ পাঁচজনের বিরুদ্ধে রাজধানীর পল্লবী থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলাটির বাদী সংসদ সদস্যের ব্যক্তিগত গাড়িচালক ওবায়দুর রহমান।

বুধবার (২২ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীনের আদালত মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পর গ্রেপ্তার আসামি আমিনুর রহমানকে কারাগারে পাঠানোর আদেশ দেন। একই সঙ্গে মামলার তদন্ত শেষ করে আগামী ২৮ আগস্টের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

মামলার অন্য আসামিরা হলেন, সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম (৭৪), আমিনুর রহমান (৫৫), মাসুম বিল্লাহ (৪১), মোতাসসিম বিল্লাহ (২৫) ও রাকিবুল হাসান (৩০)।

মামলার এজাহারে বাদী ওবায়দুর রহমান দাবি করেন, তিনি দীর্ঘদিন ধরে গাজী নজরুল ইসলামের ব্যক্তিগত গাড়িচালক হিসেবে কর্মরত ছিলেন। আত্মীয়তার সূত্রে সংসদ সদস্য তার বাসায় যাতায়াত করতেন। একপর্যায়ে তার ভাগ্নির সঙ্গে সংসদ সদস্যের অনৈতিক সম্পর্ক গড়ে ওঠে বলে অভিযোগ করেন তিনি। বিষয়টি জানতে পেরে তিনি পরিবারের সদস্যদের অবহিত করেন এবং গাজী নজরুল ইসলামকে এ সম্পর্ক থেকে বিরত থাকার অনুরোধ জানান। এতে ক্ষুব্ধ হয়ে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এজাহারে আরও বলা হয়, সম্প্রতি মগবাজারের একটি চক্র সংসদ সদস্য ও ওই নারীর কিছু আপত্তিকর ভিডিও সংগ্রহ করে ব্ল্যাকমেইল করার চেষ্টা করে। গাজী নজরুল ইসলামের সন্দেহ ছিল, ওবায়দুর রহমানই গোপনে ভিডিও ধারণ করে তা সংবাদমাধ্যম ও ওই চক্রের কাছে পৌঁছে দিয়েছেন। এই সন্দেহ থেকেই গত ১৪ জুলাই তার নির্দেশে অন্য আসামিরা ওবায়দুর রহমানের ওপর হামলা চালিয়ে তাকে শ্বাসরোধে হত্যার চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে।

বাদীর ভাষ্য, হামলার পরও আসামিরা তাকে হত্যার হুমকি দিয়ে আসছে। নিরাপত্তাহীনতার কারণে তিনি বর্তমানে আত্মগোপনে রয়েছেন।

তবে এ অভিযোগের বিষয়ে সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম বা অন্য আসামিদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। মামলাটি তদন্ত শেষে অভিযোগের সত্যতা যাচাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ