খেলোয়াড় সংকটে প্রেস্টন, শেষ মুহূর্তে বার্সেলোনার প্রীতি ম্যাচ বাতিল
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ০৩ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
খেলাধুলা ডেস্ক :
খেলোয়াড় সংকটের কারণে শেষ মুহূর্তে বাতিল হয়ে গেছে স্প্যানিশ জায়ান্ট এফসি বার্সেলোনা ও ইংল্যান্ডের চ্যাম্পিয়নশিপ ক্লাব প্রেস্টন নর্থ এন্ড-এর মধ্যকার নির্ধারিত প্রীতি ম্যাচ।
সোমবার (৩ আগস্ট) ইংল্যান্ডের সেন্ট জর্জ পার্কে দর্শকশূন্য মাঠে ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে চোটে জর্জরিত হয়ে মূল দলের পর্যাপ্ত খেলোয়াড় না থাকায় প্রেস্টন রিজার্ভ দল মাঠে নামানোর পরিকল্পনা করে।
এ পরিস্থিতিতে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ আয়োজন সম্ভব না হওয়ায় প্রীতি ম্যাচটি বাতিলের সিদ্ধান্ত নেয় বার্সেলোনা। ফলে ইংল্যান্ড সফরে আর কোনো ম্যাচ না খেলেই দেশে ফিরছে হান্সি ফ্লিকের শিষ্যরা। সফর শেষ করার আগে দলটি কেবল একটি অনুশীলন সেশন সম্পন্ন করবে।
এর আগে ইংল্যান্ড সফরের প্রথম প্রস্তুতি ম্যাচে বার্মিংহামের বিপক্ষে নির্ধারিত সময়ে সমতায় থাকার পর টাইব্রেকারে পরাজিত হয়েছিল কাতালান ক্লাবটি।
নতুন মৌসুম শুরুর আগে প্রস্তুতির অংশ হিসেবে বার্সেলোনা সফরটি কাজে লাগাতে চাইলেও শেষ ম্যাচ বাতিল হওয়ায় পরিকল্পনায় কিছুটা পরিবর্তন এসেছে।
আপনার মতামত লিখুন :