কক্সবাজার সৈকতে স্রোতের টানে নিখোঁজ বাবা, জীবিত উদ্ধার ছেলে
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ২৫ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
আল আমিন, কক্সবাজার জেলা প্রতিনিধি :
কক্সবাজার সমুদ্রসৈকতে গোসল করতে নেমে স্রোতের টানে ভেসে যাওয়া বাবা-ছেলের মধ্যে ছেলেকে জীবিত উদ্ধার করা হলেও এখনো নিখোঁজ রয়েছেন বাবা। তাকে উদ্ধারে জেলা প্রশাসনের সমন্বয়ে ফায়ার সার্ভিস, লাইফগার্ড ও বিচকর্মীরা যৌথ অভিযান চালাচ্ছেন।
শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কক্সবাজার সমুদ্রসৈকতের কলাতলী পয়েন্টে হোটেল সায়মন বিচ রিসোর্টের দক্ষিণ পাশে মডার্ন হ্যাচারির সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিখোঁজ ব্যক্তি মেহেরপুর সদর উপজেলার বাসিন্দা হেলাল উদ্দিন (৫২)। তিনি মৃত আনোয়ার মেম্বারের ছেলে। তার ছেলে নিলয় (২২)-কে জীবিত উদ্ধার করা হয়েছে।
জানা গেছে, বাবা-ছেলে কক্সবাজারে বেড়াতে এসে সমুদ্রে গোসল করতে নামেন। একপর্যায়ে প্রবল স্রোতের টানে তারা গভীর পানিতে ভেসে যান। পরে উদ্ধারকারীরা নিলয়কে নিরাপদে উদ্ধার করতে সক্ষম হলেও হেলাল উদ্দিন এখনো নিখোঁজ রয়েছেন।
কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমান সায়েম বলেন, "ছেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে জেলা প্রশাসনের সমন্বয়ে অভিযান অব্যাহত রয়েছে।"
বিচকর্মীদের সুপারভাইজার মাহবুব আলম জানান, ঘটনাটি সায়মন বিচের দক্ষিণ পাশে মডার্ন হ্যাচারির সামনের এলাকায় ঘটেছে। বাবা-ছেলে মেহেরপুরের পশু হাসপাতাল পাড়া থেকে কক্সবাজার ভ্রমণে এসেছিলেন।
সি-সেইফ লাইফগার্ডের সিনিয়র লাইফগার্ড জয়নাল আবেদীন বলেন, "ঘটনাটি আমাদের নিয়মিত লাইফগার্ড সেবার আওতার বাইরে ঘটেছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা উদ্ধার কার্যক্রম শুরু করি।"
জেলা প্রশাসন জানিয়েছে, নিখোঁজ হেলাল উদ্দিনকে উদ্ধারে ফায়ার সার্ভিস, লাইফগার্ড ও বিচ ম্যানেজমেন্ট কমিটির সদস্যদের সমন্বয়ে অভিযান অব্যাহত রয়েছে।
আপনার মতামত লিখুন :