বান্দরবানে ইউপিডিএফ (গণতান্ত্রিক) ফ্রন্টের তৃতীয় জেলা কাউন্সিল, নতুন কমিটি ঘোষণা
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ১৪ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
এলেক্স বড়ুয়া, বান্দরবান প্রতিনিধি :
বান্দরবানে আঞ্চলিক রাজনৈতিক সংগঠন ইউপিডিএফ গণতান্ত্রিক ফ্রন্ট–এর তৃতীয় জেলা কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। কাউন্সিলে উবামং মারমাকে সভাপতি, মংশৈপ্রু ত্রিপুরাকে সাধারণ সম্পাদক এবং বিকাশ চাকমাকে সাংগঠনিক সম্পাদক করে ১৩ সদস্যের পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠন করা হয়।
শনিবার (১৩ জুন) সকালে বান্দরবান শহরের মেঘলা প্লাজা কনভেনশন সেন্টারে “পার্বত্য চট্টগ্রাম চুক্তি পূর্ণ বাস্তবায়নসহ আত্মনিয়ন্ত্রণাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে জুম্ম সমাজে ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলুন” প্রতিপাদ্যে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে নবনির্বাচিত জেলা সভাপতি উবামং মারমা বলেন, পার্বত্য চট্টগ্রামে জুম্ম জনগোষ্ঠী দীর্ঘদিন ধরে নির্যাতন, শোষণ ও বঞ্চনার শিকার হয়ে আসছে। নানা মৌলিক অধিকার ও সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত থাকার ইতিহাস এখনো বিদ্যমান বলে তিনি মন্তব্য করেন।
কেন্দ্রীয় কমিটির ছাত্রনেতা বিজয় চাকমা বলেন, পার্বত্য চট্টগ্রামে জনগণের ভাষা ও অধিকার নিশ্চিত করতে এবং শান্তি চুক্তির পূর্ণ বাস্তবায়নের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যেতে হবে।
কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অমল কান্তি চাকমা বলেন, মারমা, খেয়াং, ম্রোসহ ১১টি জাতিসত্তা বর্তমানে নানামুখী সংকটে রয়েছে। ভূমি দখলসহ বিভিন্ন সমস্যায় পাহাড়ের মানুষ কোণঠাসা হয়ে পড়ছে বলেও তিনি অভিযোগ করেন।
সম্মেলনের প্রধান অতিথি কেন্দ্রীয় কমিটির সভাপতি সমীরন চাকমা বলেন, পাহাড়ে জুম্ম জাতিগোষ্ঠী ঐক্যবদ্ধ না হলে ভবিষ্যতে শান্তিপূর্ণ সহাবস্থান কঠিন হয়ে পড়বে। সব ধরনের সন্ত্রাস ও অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।
সম্মেলনে জেলা সভাপতি রাম তন সাং বমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা আপ্রুমং মারমাসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামের সাধারণ খেটে খাওয়া মানুষের অধিকার ও অস্তিত্ব রক্ষায় সংগঠনটি আগামীতেও কাজ চালিয়ে যাবে।
আপনার মতামত লিখুন :