পল্লবীর শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় স্বামী সোহেল ও স্ত্রী স্বপ্নার মৃত্যুদণ্ড
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ০৭ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
নিউজ বাংলা ডেস্ক :
রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর গলা কেটে হত্যার ঘটনায় করা মামলায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে সোহেল রানাকে পাঁচ লাখ টাকা এবং স্বপ্না আক্তারকে দুই লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
রোববার (৭ জুন) বেলা ১১টা ৩৭ মিনিটে ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পর ১১টা ৪১ মিনিটে আদালতের কার্যক্রম শেষ হয়।
মামলার নথি অনুযায়ী, গত ১৯ মে রাজধানীর পল্লবীর একটি বাসা থেকে আট বছর বয়সী শিশু রামিসার খণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ওই ফ্ল্যাটে বসবাসকারী সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে গ্রেপ্তার করা হয়।
ঘটনার দ্রুত তদন্ত শেষে পাঁচ দিনের মাথায়, ২৪ মে পল্লবী থানার উপপরিদর্শক অহিদুজ্জামান ভূঁইয়া আদালতে অভিযোগপত্র দাখিল করেন। একই দিনে মামলাটি বিচারের জন্য শিশু ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়। ঈদুল আজহার ছুটি শুরু হওয়ায় পরবর্তী কার্যক্রম পিছিয়ে ১ জুন চার্জগঠনের দিন নির্ধারিত হয়।
ঈদের পর ১ জুন আনুষ্ঠানিকভাবে মামলার বিচার শুরু হয়। পরদিন ২ জুন মামলার ১৭ জন সাক্ষীর মধ্যে রামিসার বাবা, মা, বোন, স্বজনসহ মোট ১৬ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়। এরপর ৩ জুন আসামিদের আত্মপক্ষ সমর্থনের শুনানি এবং ৪ জুন যুক্তিতর্ক উপস্থাপন সম্পন্ন হয়।
মাত্র চার কার্যদিবসে বিচার শেষ হওয়া এই মামলার রায় দেশজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।
আপনার মতামত লিখুন :